দেলদুয়ারে ৩০৩টি চায়না দুয়ারি জাল জব্দ, ধ্বংস

ফারুক আহমেদ: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের নাটিয়াপাড়া বাজারে অভিযান চালিয়ে ৩০৩টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যূথীর নির্দেশনায় পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে বাজারের চারটি গোডাউনে বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা এসব জাল জব্দ করা হয়। জব্দ করা জালের মোট দৈর্ঘ্য প্রায় ৯ হাজার ৯৯৯ মিটার এবং আনুমানিক মূল্য ১০ লাখ ৬০ হাজার টাকা।

জালের মালিকানা কেউ দাবি না করায় সেগুলো ঘটনাস্থলে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনা করেন দেলদুয়ারের সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাইমিনুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তারিকুল ইসলাম। আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন দেলদুয়ার থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল আহমেদ কাকুলসহ পুলিশ সদস্যরা।

দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *