দেশের মানুষের সেবা করাই আমার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য: চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু

স্টাফ রিপোর্টার:

“দেশের মানুষ ভালো থাকলেই আমি ভালো থাকি। দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ ভালো ছিল না, আমিও ভালো ছিলাম না”—এমন মন্তব্য করেছেন কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার ৩ নম্বর অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু।

তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে কাজ করা, সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং বিপদে-আপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়াই তার জীবনের অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য। একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে থাকাকে তিনি দায়িত্বের পাশাপাশি নৈতিক কর্তব্য বলেও মনে করেন।

চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, “রাজনীতি মানে হচ্ছে নিজের খেয়ে বনের মোষ তাড়ানো। রাজনীতি মানে দেশের মানুষের জন্য কাজ করা, মানুষের বিপদে-আপদে ঝাঁপিয়ে পড়া এবং মানুষের কল্যাণে নিজের সম্পদ বিলিয়ে দেওয়া।”

তিনি বলেন, মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন ছাড়া রাজনীতিতে প্রকৃত সাফল্য পাওয়া সম্ভব নয়। একজন জনপ্রতিনিধির মূল পরিচয় তার পদ-পদবি কিংবা ক্ষমতা নয়; বরং সাধারণ মানুষের পাশে কতটা দাঁড়াতে পেরেছেন, সেটিই গুরুত্বপূর্ণ।

পীর বংশের এই চেয়ারম্যান বলেন, রাজনীতির উদ্দেশ্য হওয়া উচিত মানুষের সেবা ও সমাজের কল্যাণ। কিন্তু বর্তমানে রাজনীতির চিত্র অনেক ক্ষেত্রে পরিবর্তিত হয়েছে। তার ভাষায়, “বর্তমানে দেখা যাচ্ছে, রাজনীতি মানেই ক্ষমতা দেখানো, রাজনীতি মানেই টাকা কামানো এবং রাজনীতি মানেই কোটিপতি হওয়া।”

তিনি আরও বলেন, রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে কেউ কেউ নিজের পরিবারের সদস্যদের সম্পদের মালিক করার দিকে বেশি মনোযোগ দিচ্ছেন। অথচ একজন জনপ্রতিনিধির দায়িত্ব হলো সাধারণ মানুষের দুঃখ-কষ্টকে নিজের দুঃখ-কষ্ট হিসেবে বিবেচনা করা এবং মানুষের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো।

চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, “নিজের ছেলে-মেয়ে, স্ত্রী, শ্যালক-শ্যালিকা, চাচাতো ভাই, মামাতো ভাই, শ্বশুর-শাশুড়িদের সেবা করা এবং তাদের কোটি কোটি টাকার মালিক বানানো রাজনীতির উদ্দেশ্য হতে পারে না।”

তিনি বলেন, মানুষের ভোট ও ভালোবাসায় যারা জনপ্রতিনিধি নির্বাচিত হন, তাদের ওপর জনগণের প্রতি বিশেষ দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতা থাকা প্রয়োজন। জনগণের অর্থ ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো জনপ্রতিনিধিদের অন্যতম দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, “যেখানে মাননীয় প্রধানমন্ত্রী সকাল থেকে রাত পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করছেন, সেখানে কিছু কিছু নেতা দলের পরিচয় দিয়ে দলের নাম ভাঙিয়ে নিজের আখের গোছাচ্ছেন।” এ ধরনের কর্মকাণ্ডে তিনি দুঃখ প্রকাশ করেন।

সৈয়দ ফাইয়াজ হাসান বাবুর অভিযোগ, দলের নাম ব্যবহার করে কেউ কেউ সন্ত্রাস, চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছেন। এর ফলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও রাজনীতি সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে।

তিনি বলেন, রাজনীতিতে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হলে ক্ষমতার প্রদর্শন নয়, সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। সাধারণ মানুষের সমস্যাগুলো শুনতে হবে এবং সামর্থ্য অনুযায়ী সমাধানের উদ্যোগ নিতে হবে। মানুষের পাশে থেকে তাদের সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার মধ্য দিয়েই একজন জনপ্রতিনিধির প্রকৃত দায়িত্ব পালন করা সম্ভব।

চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, দীর্ঘদিন ধরে তিনি সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ত থেকে কাজ করে আসছেন। মানুষের বিপদে পাশে দাঁড়ানো এবং অসহায় মানুষের সহযোগিতায় এগিয়ে আসাকে তিনি নিজের দায়িত্ব মনে করেন। মানুষের কল্যাণে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চান বলেও জানান তিনি।

তিনি বলেন, “দেশের মানুষ ভালো থাকলে আমিও ভালো থাকি।” সাধারণ মানুষের মুখে হাসি ফোটানো এবং মানুষের কল্যাণে কাজ করাই তার কাছে সবচেয়ে বড় পাওয়া বলে উল্লেখ করেন তিনি।

সৈয়দ ফাইয়াজ হাসান বাবু আরও বলেন, ভবিষ্যতেও তিনি মানুষের পাশে থেকে কাজ করতে চান। দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, দেশের মানুষের সেবা করাই তার একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *