Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ - দৈনিক স্বাধীন সংবাদ

ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

 

মাসুদুর রহমান ধামরাই

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী এলাকায় শনিবার দুপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে, তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর ১২টা ৫০ মিনিটে দুর্ঘটনার সংবাদ পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে দুটি উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। দুপুর ১টা ৩ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে এবং ১টা ৪০ মিনিটে উদ্ধার কাজ সম্পন্ন করে। পরে বিকেল ২টা ১৫ মিনিটে ইউনিটগুলো স্টেশনে ফিরে আসে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, কুষ্টিয়া থেকে ঢাকাগামী শুভ বসুন্ধারা পরিবহনের একটি বাস এবং ঢাকা থেকে সাতক্ষীরাগামী এইচ.আর. ট্রাভেলস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুর্ঘটনায় ৩ জন যাত্রী আহত হন।
আহতরা হলেন— মো. বেলাল হোসেন (৩৫), সিরাজগঞ্জ সদর; লিনা আক্তার (২৮), ফরিদপুর সদর; এবং মোসা. তমা খাতুন (২৪), তালা, সাতক্ষীরা।
ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং পরবর্তীতে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। উদ্ধার কার্যক্রম চলাকালে একটি বাসে আগুনের সূত্রপাত হলে অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়।
দুর্ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় যানবাহন সরিয়ে মহাসড়কে স্বাভাবিক যান চলাচল পুনরুদ্ধার করা হয়।
দুর্ঘটনায় জড়িত বাস দুটির রেজিস্ট্রেশন নম্বর হলো— ঢাকা মেট্রো-ব-১৪-৬৩৮৭ এবং যশোর-ব-১১-০১৫৪।
ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *