আমির হোসেন:
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করার লক্ষ্যে ঝালকাঠির নলছিটিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১১টায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুন্ডুর সভাপতিত্বে সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন। বাড়িঘর ও আশপাশে জমে থাকা পানি দ্রুত অপসারণ, ড্রেন-নালা পরিষ্কার রাখা এবং ঝোপঝাড় পরিষ্কার করার বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ বাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখলে এডিস মশার প্রজননস্থল অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।
সভায় সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) বেলায়েত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সালেহ মো. ইফাদ ইশতিয়াক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসাদুজ্জামান পলাশ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিরীন আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশ রেড ক্রিসেন্ট, বিডি ক্লিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা কর্মসূচিতে অংশ নেন। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়। র্যালিটি নলছিটি বাসস্ট্যান্ড ও শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বাড়ানো, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।