নান্দাইলে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলায় ছাত্র মাহফুজকে আসামি করায় প্রশ্ন

মোশাররফ হোসেন জসিম পাঠান:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার খারুয়া গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা দুটি মামলার একটিতে ভুক্তভোগী পরিবারের সদস্য ও ছাত্র মাহফুজকে আসামি করায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, তিনি নির্দোষ এবং মামলাটি থেকে অব্যাহতি পাওয়ার যোগ্য।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গত ৩ জুন ২০২৬ বিকেলে পূর্বশত্রুতা ও জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে খারুয়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুস ভূঁইয়ার ছেলে ব্যবসায়ী মো. আব্দুর রউফ ভূঁইয়ার বসতঘর ও দোকানপাটে হামলার ঘটনা ঘটে। তাদের দাবি, একই গ্রামের মৃত কুতুব উদ্দিন নায়েবের ছেলে মো. শওকত আলী মাস্টারের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় ঘরবাড়ি ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনাও ঘটে।

আব্দুর রউফ ভূঁইয়া দাবি করেন, হামলায় তার প্রায় ৯০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় আব্দুর রউফ ভূঁইয়া নান্দাইল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় মো. শওকত আলী মাস্টারসহ ৩৩ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৭০ থেকে ১৯০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে নান্দাইল থানার এসআই (নিরস্ত্র) মিজানুর রহমান বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন। ওই মামলায় শওকত আলী মাস্টারসহ ৭০ জনের নাম উল্লেখ করা হয় এবং আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পুলিশের দায়ের করা মামলায় আব্দুর রউফ ভূঁইয়ার ছেলে ও শিক্ষার্থী মাহফুজকে আসামি করা হয়েছে, যা তারা অন্যায় বলে দাবি করছেন।

এ বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, মাহফুজ একজন শিক্ষার্থী। তাদের দাবি, ঘটনার প্রকৃত তদন্ত করে নির্দোষ হলে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া উচিত।

বর্তমানে এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগী পরিবার জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার উদ্ঘাটন এবং নির্দোষ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতির দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, অভিযুক্ত পক্ষের বক্তব্য এই প্রতিবেদনে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *