সূর্য আহমেদ মিঠুন:
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের সভাপতিত্বে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। পরে সেপ্টেম্বর ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি, তদন্ত কার্যক্রম ও অপরাধ নিয়ন্ত্রণ পরিস্থিতি নিয়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাঁদের সামষ্টিক সমস্যা, কর্মক্ষেত্রের বিভিন্ন প্রতিবন্ধকতা এবং কল্যাণসংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার সদস্যদের বক্তব্য শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের উত্থাপিত সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
সভায় কর্মদক্ষতা, অপরাধ দমন, ক্লুলেস মামলা শনাক্তকরণ, অস্ত্র উদ্ধার ও ডাকাত গ্রেপ্তারে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ একাধিক পুলিশ কর্মকর্তা ও সদস্যকে পুরস্কৃত করা হয়।
পুরস্কারপ্রাপ্তদের মধ্যে জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হন ফতুল্লা থানার এএসআই মো. আব্দুল হামিদ খান। শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কার পান রূপগঞ্জ থানার এসআই রৌশন আলী। শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার নির্বাচিত হন ট্রাফিক শাখার সার্জেন্ট শফিউল আজম শোভন এবং শ্রেষ্ঠ ডিবি অফিসার হিসেবে পুরস্কৃত হন জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো. মফিজুল ইসলাম।
এ ছাড়া ক্লুলেস মামলা শনাক্তকরণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পুরস্কার পান বন্দর থানার এসআই মিকাইল হোসেন, ফতুল্লা মডেল থানার এসআই পলাশ বাইন এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক।
বিশেষ পুরস্কার পেয়েছেন বন্দর থানার অফিসার ইনচার্জ মো. জামাল উদ্দিন। অন্যদিকে, অস্ত্র উদ্ধার ও ডাকাত গ্রেপ্তারে অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ. এইচ. এম. সালাউদ্দিন।
বিশেষ পুরস্কারপ্রাপ্তদের মধ্যে আরও রয়েছেন জেলা বিশেষ শাখার (ডিএসবি) এসআই মোহাম্মদ শরীফ হোসেন, এসআই মো. জামাল উদ্দিন এবং ওয়াচার কনস্টেবল মাহবুব আফ্রাদ, হুমায়ুন কবির ও মো. ইসমাইল খান।
পরে দুপুর ১২টায় সেপ্টেম্বর ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি নিয়ে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে মাসব্যাপী বিভিন্ন মামলার অগ্রগতি, তদন্ত কার্যক্রম ও সংশ্লিষ্ট প্রতিবেদন উপস্থাপন করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএম। এ সময় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), নৌ-পুলিশ ও হাইওয়ে পুলিশের পুলিশ পরিদর্শকসহ নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সদস্যদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি, অপরাধ দমন, মামলার তদন্ত কার্যক্রমের মানোন্নয়ন এবং বিভিন্ন মামলার অগ্রগতি পর্যালোচনার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে কর্মক্ষেত্রে দক্ষতা ও পেশাদারত্বের স্বীকৃতি প্রদানের মাধ্যমে পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে উৎসাহিত করার বিষয়টিও গুরুত্ব পায়।
সংশ্লিষ্টদের মতে, নিয়মিত কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভার মাধ্যমে পুলিশ সদস্যদের সমস্যা চিহ্নিত করার পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ, তদন্তের অগ্রগতি মূল্যায়ন এবং আইনশৃঙ্খলা রক্ষায় কার্যক্রম আরও গতিশীল করার সুযোগ তৈরি হয়।