নারায়ণগঞ্জ সদর উপজেলায় সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

মোহাম্মদ হোসেন হ্যাপী:

সমগ্র দেশের ন্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলায়ও ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের আওতায় উপজেলা সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে সারাদেশে একযোগে একশটি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করা হয়।

ভার্চুয়াল জুম মিটিংয়ের মাধ্যমে এসব কেন্দ্রের উদ্বোধন ঘোষণা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জনাব ফয়েজ আহমেদ তৈয়ব। পরবর্তীতে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন স্থানীয়ভাবে ফিতা কেটে প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, এই সেবা ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে স্থানীয় জনগণ, বিশেষ করে তরুণ-তরুণীরা আধুনিক প্রযুক্তিনির্ভর নানা সেবা ও প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে। এর ফলে উপজেলা পর্যায়ে ডিজিটাল দক্ষতা বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থানের নতুন ক্ষেত্র সৃষ্টি হবে।

প্রতিটি প্রশিক্ষণ কেন্দ্রে আধুনিক ডিজিটাল ল্যাব, সুসজ্জিত প্রশিক্ষণ কক্ষ, স্টার্ট-আপ জোন এবং প্লাগ অ্যান্ড প্লে জোন স্থাপন করা হয়েছে। স্টার্ট-আপ জোনে উচ্চগতির ইন্টারনেট সংযোগ ও প্রয়োজনীয় ডিজিটাল ডিভাইসসহ একসঙ্গে অন্তত ২০ জন উদ্যোক্তা বা ফ্রিল্যান্সারের কাজ করার সুবিধা থাকবে।

এই উদ্যোগের ফলে উপজেলা পর্যায়ের তরুণরা একদিকে প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে, অন্যদিকে আধুনিক ওয়ার্কিং স্পেস সুবিধাও পাবে। যা নতুন উদ্যোক্তা ও দক্ষ ফ্রিল্যান্সার তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা আরও জানান, এসব কেন্দ্রের মাধ্যমে তরুণরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিটি প্লাগ অ্যান্ড প্লে জোন থেকে বছরে ৫০ হাজারেরও বেশি মানুষ ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবে। পাশাপাশি এসব কেন্দ্র উপজেলা পর্যায়ে আইসিটি অফিসারের কার্যালয় হিসেবেও ব্যবহৃত হবে, যা স্থানীয় পর্যায়ে ডিজিটাল সেবা প্রদান আরও গতিশীল করবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ দেশের ডিজিটাল রূপান্তর ত্বরান্বিত করার পাশাপাশি ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নারায়ণগঞ্জ সদর উপজেলায় প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে আরও জানা যায়, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল, পিআই ও পবিত্র চন্দ্র মন্ডলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, তরুণ-তরুণী, উদ্যোক্তা ও ঠিকাদারগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *