নারায়ণগঞ্জে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: ডিজিটাল প্লেট ছাড়া চললেই সরাসরি ডাম্পিং

ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জকে একটি ‘স্মার্ট সিটি ও নিরাপদ নগর’ হিসেবে গড়ে তুলতে অবৈধ এবং লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)। আজ ৫ অক্টোবর ২০২৬, সোমবার এক জরুরি ও কঠোর বার্তায় এই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, মিশুক, ইজি বাইক ও অটোসহ কোনো ধরনের লাইসেন্সবিহীন ও অবৈধ যানবাহন নারায়ণগঞ্জের সড়কে চলাচল করতে পারবে না। রাস্তায় নামতে হলে অবশ্যই প্রতিটি যানবাহনের ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড থাকতে হবে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এ বিষয়ে তীব্র ক্ষোভ ও কঠোর নির্দেশনা জারি করে বলেন:

“নারায়ণগঞ্জবাসীকে একটি যানজটমুক্ত, নিরাপদ ও আধুনিক নগরী উপহার দেওয়া আমাদের প্রধান লক্ষ্য। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, ডিজিটাল প্লেট ও স্মার্ট কার্ডবিহীন কোনো যানবাহন নারায়ণগঞ্জের রাস্তায় চলাচল করতে পারবে না। এই নির্দেশ অমান্য করে কেউ যদি অবৈধভাবে যানবাহন চালায়, তবে কোনো প্রকার অনুকম্পা দেখানো হবে না; সেই যানবাহন সরাসরি ডাম্পিংয়ে পাঠানো হবে। অবৈধ যানবাহন নয়—আসুন সবাই নিয়ম মেনে চলি, নিরাপদে চলি।”

প্রশাসকের এই কড়া বার্তার পর আজ থেকেই নারায়ণগঞ্জের প্রধান সড়কগুলোতে সিটি কর্পোরেশন ও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি এবং অভিযান শুরুর প্রস্তুতি চলছে। যত্রতত্র অবৈধ অটোরিকশা ও মিশুকের কারণে সৃষ্ট তীব্র যানজট থেকে মুক্তি পেতে সিটি কর্পোরেশনের এই কঠোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাধারণ নগরবাসী।

সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সব যানবাহন মালিক ও চালকদের অনতিবিলম্বে নিয়ম মেনে বৈধ কাগজপত্র ও ডিজিটাল প্লেট সংগ্রহ করে গাড়ি চালানোর অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় আইনগত কঠোর ডাম্পিং প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *