ব্যুরো চীফ মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নগর উন্নয়ন ও সেবামূলক প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে বিশ্বব্যাংকের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল (Implementation Support Mission Team) নাসিক কার্যালয় পরিদর্শন করেছে। আজ সোমবার (৫ অক্টোবর ২০২৬) সিটি কর্পোরেশনের নগর ভবনের কনফারেন্স রুমে এ উপলক্ষে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ সাখাওয়াত হোসেন খান। আরও উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নূর কুতুবুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মতবিনিময় সভায় বিশ্বব্যাংকের প্রতিনিধি দল নাসিকের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বর্তমান অগ্রগতি ও বাস্তবায়নের হার দেখে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে নারায়ণগঞ্জের মতো একটি গুরুত্বপূর্ণ শিল্পনগরীকে টেকসই, পরিবেশবান্ধব এবং আধুনিক স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে তাদের আর্থিক ও কারিগরি সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে নাসিক প্রশাসক মোঃ সাখাওয়াত হোসেন খান বিশ্বব্যাংকের প্রতিনিধি দলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “নারায়ণগঞ্জ দেশের অন্যতম প্রধান অর্থনৈতিক ও শিল্পাঞ্চল। এই নগরীর ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ সামলে একটি সুপরিকল্পিত এবং আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য। বিশ্বব্যাংকের অর্থায়নে চলমান প্রকল্পগুলো নারায়ণগঞ্জের বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
প্রশাসক আরও বলেন, “আমরা প্রতিটি প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে বদ্ধপরিকর। বিশ্বব্যাংকের এই সফর আমাদের কাজের গতিকে আরও বেগবান করবে। আমরা আশা করি, আগামীতে নারায়ণগঞ্জের সামগ্রিক উন্নয়নে বিশ্বব্যাংক আরও বড় আকারের নতুন নতুন প্রকল্পে আমাদের পাশে থাকবে।”
সভায় বিশ্বব্যাংকের মিশন টিমের ঊর্ধ্বতন কর্মকর্তা, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান প্রকৌশলী এবং সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকরা উপস্থিত ছিলেন। সভার শুরুতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে চলমান প্রকল্পসমূহের বিস্তারিত চিত্র প্রতিনিধি দলের সামনে তুলে ধরা হয়। মতবিনিময় সভা শেষে প্রতিনিধি দলটি নাসিকের আওতাধীন কয়েকটি প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন।