মোহাম্মদ হোসেন হ্যাপী:
সারা দেশের মতো নারায়ণগঞ্জেও বৃহস্পতিবার (২ জুলাই) শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা। পরীক্ষার প্রথম দিনেই জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।
পরিদর্শনকালে তিনি পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং পরীক্ষার্থীদের জন্য গৃহীত সুযোগ-সুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে এবং তাদের মনোযোগ নষ্ট না হয়, সেজন্য তিনি নীরবে কেন্দ্রগুলো পরিদর্শন করেন এবং দায়িত্বরত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন হবে বলে আমি প্রত্যাশা করি। এ লক্ষ্যে জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।”
তিনি আরও বলেন, “পরীক্ষার্থীরা যেন আত্মবিশ্বাসের সঙ্গে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। কোনো ধরনের অনিয়ম, অসদুপায় কিংবা বিশৃঙ্খলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না।”
পরিদর্শনকালে জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদীসহ জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা চলাকালীন সময় জুড়ে জেলার সব কেন্দ্রেই কঠোর নিরাপত্তা ও সার্বক্ষণিক তদারকি অব্যাহত থাকবে, যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্ন ও স্বচ্ছ পরিবেশে তাদের পরীক্ষা সম্পন্ন করতে পারে।