নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের প্রস্তুতি শুরু

মোহাম্মদ হোসেন হ্যাপী:

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে নারায়ণগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি চূড়ান্ত করা হয়।

জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, জুলাই আন্দোলনের যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, আগামী ১৬ জুলাই সকাল ৮টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হবে। এরপর সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। একইসঙ্গে জেলার বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ ধর্মীয় উপাসনালয়ে জুলাই শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া, প্রার্থনা ও মোনাজাতের আয়োজন করা হবে।

এছাড়া সভায় আগামী ৫ আগস্ট পালিতব্য কর্মসূচি নিয়েও প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে কয়েকটি প্রস্তাব ও সিদ্ধান্ত গৃহীত হলেও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর চূড়ান্ত কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানানো হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “জুলাই গণঅভ্যুত্থান আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনের চেতনা ও আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। দিবসটি যাতে সুশৃঙ্খল, মর্যাদাপূর্ণ ও অর্থবহভাবে পালিত হয়, সে লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”

তিনি কর্মসূচি বাস্তবায়নে স্বচ্ছতা, সময়ানুবর্তিতা এবং সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও সিদ্ধান্ত হয়, দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত আয়োজনের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং জুলাই গণঅভ্যুত্থানভিত্তিক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজনের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

দিবসের সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্ন আয়োজন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোকে নিজ নিজ উদ্যোগে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানান জেলা প্রশাসক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *