মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের কাশিপুর বাংলা বাজারস্থ দারুল আরকাম মাদরাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে এক বিশাল ইসলাহী ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ এশা মাদরাসা ময়দানে এই আধ্যাত্মিক ও শিক্ষামূলক মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে কুরআন হিফজ সমাপ্তকারী সৌভাগ্যবান ছাত্রদের দস্তারবন্দী (পাগড়ি প্রদান) করেন দেশবরেণ্য আলেমে দ্বীন মাওলানা আবু তাহের জিহাদী সাহেব। হাফেজদের মাথায় সম্মাননার পাগড়ি তুলে দেওয়ার সময় মাদরাসার ছাত্র, শিক্ষক এবং ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
পাগড়ি প্রদানকালে মাওলানা আবু তাহের জিহাদী সাহেব তাঁর বক্তব্যে বলেন, “কুরআনের হাফেজরা হলেন দ্বীনের আলোকবর্তিকা। সমাজ থেকে অন্ধকার ও অনৈতিকতা দূর করতে কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই। এই তরুণ হাফেজরা আগামী দিনে সমাজ ও জাতিকে সঠিক পথ দেখাবে। অভিভাবকদের উচিত তাদের সন্তানদের দ্বীনি শিক্ষায় গড়ে তোলা, যাতে তারা দুনিয়া ও আখিরাতে সফলকাম হতে পারে।” মাহফিলে বিশেষ আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি সাইফুল্লাহ সাহেব এবং হযরত মাওলানা মাজহারুল ইসলাম সাহেব।
সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত মাদরাসার সাধারণ সম্পাদক জনাব এড. কাজী রুবায়েত হাসান সায়েম। এ ছাড়া তাঁর বন্ধু মহল গদীনিশিন খাদেমুল গোলাম মোহাম্মদ হোসেন হ্যাপী, মতিন, হারুন, সাংবাদিক মিঠু, রাজিব, মাসুদ ও শাওন উপস্থিত ছিলেন। বিশেষ আলোচকদ্বয় তাঁদের বক্তব্যে আত্মশুদ্ধি (ইসলাহ) এবং সুন্নাহভিত্তিক জীবন গড়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, “কুরআন শুধু মুখস্থ করার জন্য নয়, বরং এর প্রতিটি বিধান নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। বর্তমান চ্যালেঞ্জিং সময়ে তরুণ প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে মাদরাসা শিক্ষার গুরুত্ব অপরিসীম।”
দারুল আরকাম মাদরাসা ও এতিমখানার সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই মাহফিলে এলাকার হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন। গভীর রাত পর্যন্ত চলা এই মাহফিল শেষে মুসলিম উম্মাহর ঐক্য, সমৃদ্ধি এবং হাফেজ ছাত্রদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে তবারক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।