নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ যৌথ অভিযান: নিষিদ্ধ সংগঠনের সদস্য ও কিশোর গ্যাং সদস্যসহ গ্রেফতার ১০৫

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জে জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠনের সদস্য, কিশোর গ্যাংয়ের সদস্য ও মাদকসেবীসহ বিভিন্ন মামলার মোট ১০৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর ২০২৬) জেলার সাতটি থানা ও ডিবি পুলিশের পৃথক বিশেষ দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ৩ জন মাদক ব্যবসায়ী, ৭৬ জন মাদকসেবী, ৫ জন কিশোর গ্যাংয়ের সদস্য, ওয়ারেন্টভুক্ত ১০ জন, নিয়মিত মামলার ২ জন আসামি, নিষিদ্ধ সংগঠনের ৬ জন সদস্য এবং অন্যান্য মামলায় ১২ জন রয়েছেন।

থানাভিত্তিক গ্রেফতারের তথ্যে জানা যায়, ফতুল্লা মডেল থানা পুলিশ ৩৮ জনকে গ্রেফতার করেছে। তাঁদের মধ্যে ২৭ জন মাদকসেবী, ৫ জন কিশোর গ্যাংয়ের সদস্য, ২ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিষিদ্ধ সংগঠনের ৪ জন সদস্য রয়েছেন।

সোনারগাঁও থানা পুলিশ ২০ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ৩ জন এবং ৬০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ীসহ মোট ২৫ জনকে গ্রেফতার করেছে।

রূপগঞ্জ থানা পুলিশ ৫ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী, ১৫ জন মাদকসেবী এবং নিষিদ্ধ সংগঠনের ১ জন সদস্যসহ মোট ১৭ জনকে গ্রেফতার করেছে।

বন্দর থানা পুলিশ ৬ জন মাদকসেবী, ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি এবং অন্যান্য ধারায় ৩ জনসহ মোট ১২ জনকে গ্রেফতার করেছে।

নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ মাদকসেবনের অভিযোগে ৫ জন, ওয়ারেন্টভুক্ত ২ জন এবং নিষিদ্ধ সংগঠনের ১ জন সদস্যসহ মোট ৮ জনকে গ্রেফতার করেছে।

আড়াইহাজার থানা পুলিশ নিয়মিত মামলার ২ জন আসামি ও ১ জন মাদকসেবীসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে। অন্যদিকে, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মাদকসেবনের অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে।

জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *