মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, কিশোর গ্যাং ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১২২ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) নারায়ণগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নেতৃত্বে জেলার প্রতিটি থানায় এ বিশেষ অভিযান শুরু হয়। পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় ও নেতৃত্বে ৭ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ১ জন সহকারী পুলিশ সুপারের তত্ত্বাবধানে জেলার ৭টি থানার অফিসার ইনচার্জ ও পুলিশ সদস্যদের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১২২ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের আগামীকাল (রোববার) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ নারায়ণগঞ্জ গড়ে তুলতে জেলা পুলিশ জনগণের পাশে থেকে কাজ করে যাবে বলেও জানানো হয়েছে।