নারায়ণগঞ্জে লাশ ধোয়ার ঘর ও অ্যাম্বুলেন্স স্ট্যান্ড নির্মাণ

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নাগরিক সেবাকে আরও মানবিক ও দ্রুতগামী করতে নারায়ণগঞ্জ জেলা পরিষদ একটি বিশেষ উদ্যোগ নিয়েছে। শহরের এলজিডি ভবনের বিপরীত পাশে আধুনিক ‘লাশ ধোয়ার ঘর’‘অ্যাম্বুলেন্স রাখার স্থান’ নির্মাণ প্রকল্পের নির্ধারিত স্থান আজ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের সম্মানিত প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ। এখানে সকল ধর্মের মানুষের মরদেহ রাখা যাবে এবং বিনা খরচে অ্যাম্বুলেন্সের মাধ্যমে মরদেহ যার যার নির্ধারিত স্থানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।

পরিদর্শনকালে তিনি কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

জেলা পরিষদ জানায়, সাধারণ মানুষ যেন জরুরি মুহূর্তে দ্রুত অ্যাম্বুলেন্স সেবা পান এবং মৃতদেহের শেষকৃত্যের প্রক্রিয়া অত্যন্ত সম্মান ও পবিত্রতার সঙ্গে সম্পন্ন করা যায়—এই লক্ষ্যেই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে। শহরের প্রাণকেন্দ্রে এ ধরনের স্থাপনা নির্মিত হলে দুর্ভোগ কমবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

পরিদর্শনের সময় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “মানুষের জীবনের শেষ যাত্রাটুকুও যেন মর্যাদার সঙ্গে হয়, সেই চিন্তা থেকেই আমরা আধুনিক লাশ ধোয়ার ঘর নির্মাণ করছি। পাশাপাশি অ্যাম্বুলেন্স স্ট্যান্ড থাকলে রোগী পরিবহন আরও সহজ হবে। জনকল্যাণই জেলা পরিষদের মূল লক্ষ্য। এই উন্নয়ন ও মানবিক অগ্রযাত্রা, ইনশাআল্লাহ, অব্যাহত থাকবে।”

পরিদর্শনকালে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের সড়ক বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আহসান উল্লাহ মজুমদার, উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, আব্দুল্লাহ আল নোমান, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোহাম্মদ নাহিদুল ইসলাম, জেলা জাতীয়তাবাদী তাতী দলের সাংগঠনিক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান উজ্জ্বলসহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।

জেলা পরিষদ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্মাণকাজ শুরু হলে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *