স্পোর্টস ডেস্ক:
ফিফার ১০ ম্যাচের নিষেধাজ্ঞার কারণে জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারছেন না লিয়ান্দ্রো প্যারেদেস। তবে নিষেধাজ্ঞা তাঁকে আর্জেন্টিনা দলের কাছ থেকে দূরে রাখতে পারেনি। সতীর্থদের সঙ্গে দেখা করতে মঙ্গলবার জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে হাজির হন বোকা জুনিয়র্সের এই অভিজ্ঞ মিডফিল্ডার।
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচে ঘটে যাওয়া একটি ঘটনার জেরে প্যারেদেসকে ১০ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। ফলে আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতে তাঁকে দলে নিতে পারবেন না কোচ লিওনেল স্কালোনি।
তবে নিষেধাজ্ঞার মধ্যেও জাতীয় দলের প্রতি নিজের টান অটুট থাকার বিষয়টি জানিয়ে দিয়েছেন প্যারেদেস। এজেইজা ক্যাম্পে গিয়ে সতীর্থদের সঙ্গে দেখা করার পাশাপাশি অনুশীলনও দেখেছেন তিনি।
এর আগে বোকা জুনিয়র্সকে কোপা আর্জেন্টিনায় রেসিংয়ের বিপক্ষে জয় এনে দেওয়ার পর জাতীয় দলের ক্যাম্পে যাওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন প্যারেদেস।
তিনি বলেছিলেন, ‘আমি এখনও কোচের সঙ্গে কথা বলিনি। তবে সম্ভবত অনুশীলন মাঠে যাব, সবাইকে শুভেচ্ছা জানাব এবং সবকিছু কেমন চলছে, তা দেখব। অবশ্যই আমি নিজেকে ওই দলেরই একজন মনে করি। নিষেধাজ্ঞা না থাকলে আমি সেখানে থাকতাম।’
প্যারেদেসের প্রতি কোচ স্কালোনির আস্থাও রয়েছে। অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন কোচ জানিয়েছেন, জাতীয় দলে প্যারেদেসের জন্য জায়গা এখনো রয়েছে।
স্কালোনি বলেন, ‘আমি প্যারেদেসের সঙ্গে কথা বলিনি। সে জাতীয় দলেরই একজন। সে আমাদের জন্য যা করেছে, তার কারণে সে একজন কিংবদন্তি এবং আমরা তাকে ভালোবাসি। আমি তার সঙ্গে বা অন্য কারও সঙ্গে এরপর কথা বলিনি। দরজা খোলা আছে।’
আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত ৮৪টি ম্যাচ খেলেছেন ৩২ বছর বয়সী প্যারেদেস। জাতীয় দলের জার্সিতে তাঁর গোলসংখ্যা পাঁচ। ২০২২ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। ২০২৬ বিশ্বকাপের ফাইনালেও আর্জেন্টিনার হয়ে মাঠে নেমেছিলেন এই মিডফিল্ডার।