পটিয়ায় পঙ্কজ শীল হত্যা

কামরুল ইসলাম:

চট্টগ্রামের পটিয়া উপজেলায় ছুরিকাঘাতে পঙ্কজ শীল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিলক শীল (৩৫) নামে আরও একজন। গত মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার জৌলুর দিঘীর পশ্চিম পাড় এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত পঙ্কজ শীল ওই এলাকার মিলন শীলের ছেলে। আহত তিলক শীল বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন রাতে পঙ্কজ শীল ও তিলক শীল স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে জৌলুর দিঘীর পশ্চিম পাড় এলাকায় পৌঁছালে তারা তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান। তাদের মধ্যে একজন বোরকা পরিহিত ছিলেন।

সন্দেহ হলে পঙ্কজ ও তিলক টর্চলাইট দিয়ে তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করেন। এ সময় হঠাৎ করে ওই সন্দেহভাজন ব্যক্তিরা তাদের ওপর হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে দু’জনই গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় পঙ্কজ শীল মারা যান।

ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ গুরুত্বসহকারে তদন্ত করছে।

স্থানীয়রা এ ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *