পরীক্ষার নিয়ম ভঙ্গের অভিযোগে কারিগরি বোর্ডের ৩৪ কেন্দ্রকে শোকজ

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা লঙ্ঘনের অভিযোগে দেশের ৩৪টি পরীক্ষাকেন্দ্রকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড।

রোববার (৪ অক্টোবর) কারিগরি বোর্ডের ভোকেশনাল শাখার পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে বোর্ডের ই-মেইলে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়েছে, উল্লিখিত ৩৪টি কেন্দ্রের অনুমোদন বা কেন্দ্র-সুবিধা কেন বাতিল করা হবে না, তা আগামী ৭ অক্টোবরের মধ্যে লিখিতভাবে জানাতে হবে।

কারিগরি শিক্ষা বোর্ডের নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালা ২০১২’-এর ২৮(ক)(ঘ) ধারা অনুযায়ী নিয়ম লঙ্ঘনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব কেন্দ্রকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এর মধ্যে রাজশাহী জেলা প্রশাসকের তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিটি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কেন্দ্রের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়ার কথা উল্লেখ করা হয়েছে।

শোকজ পাওয়া কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে পঞ্চগড়ের আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুরের খানসামা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও পার্বতীপুরের ভবানীপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা।

এ ছাড়া রংপুরের মিঠাপুকুরের বেগম রোকেয়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজ, পীরগঞ্জের বাসপুকুরিয়া এসএসসি (ভোক) ইনস্টিটিউট এবং কুড়িগ্রামের নাগেশ্বরী কেরামতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় রয়েছে তালিকায়।

গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামাদিয়া দ্বিমুখী হাই স্কুল ও এস এম মোস্তাফিজুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, গাইবান্ধা সদরের দক্ষিণ কামারজানি হাই স্কুল, সাঘাটার শ্যামপুর টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল ইনস্টিটিউট এবং সুন্দরগঞ্জের ধর্মপুর এসআইডি (ভোক) স্কুল ও কারিগরি কলেজকেও শোকজ করা হয়েছে।

তালিকায় রয়েছে বগুড়ার নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, রাজশাহীর সিটি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, সিরাজগঞ্জের কাজিপুর থানা সদর বিএম কলেজ এবং পাবনার বেড়া পাইলট গার্লস হাই স্কুল।

এ ছাড়া কুষ্টিয়ার ভেড়ামারার বেগম হামিদা সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয়, খুলনার ডুমুরিয়ার শাহাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও তেরখাদার হাড়িয়ালী ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, পটুয়াখালীর দুমকির লেবুখালী সরকারি হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়, মাদারীপুরের রাজৈর গার্লস হাই স্কুল এবং ফরিদপুরের নগরকান্দার সৈয়দা সাজেদা চৌধুরী উচ্চ বালিকা বিদ্যালয়ও রয়েছে শোকজ পাওয়া কেন্দ্রের তালিকায়।

ঢাকার হাজারীবাগ উচ্চ বালিকা বিদ্যালয় ও সাভারের কোন্ডা উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের হোসেনপুর পীরপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, গাজীপুরের কাপাসিয়ার খিরাটি এ কে উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইলের মধুপুরের ধনবাড়ীর সাকিনা মেমোরিয়াল বালিকা হাই স্কুল এবং জামালপুরের বকশীগঞ্জের রাহিলা কাদের উচ্চ বিদ্যালয়ও এ তালিকায় রয়েছে।

কিশোরগঞ্জের বাজিতপুরের বাজিতপুর আর এন গার্লস হাই স্কুল ও কটিয়াদীর সহশ্রাম হাইমুন নেছা ফাজিল (স্নাতক) মাদ্রাসা, কুমিল্লার চৌদ্দগ্রামের চৌদ্দগ্রাম ফয়জুন্নেছা মহিলা মাদ্রাসা, চাঁদপুরের মতলব উত্তরের সুজাতপুর নেছারিয়া উচ্চ বিদ্যালয়, ফেনীর ফাজিলপুরের ফাজিলপুর ওয়ালিদ বি কাদরি হাই স্কুল, কক্সবাজারের রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয় এবং কুতুবদিয়ার আল ফারুক আদর্শ দাখিল মাদ্রাসাও রয়েছে শোকজ পাওয়া কেন্দ্রের তালিকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *