দাউদকান্দি প্রতিনিধি: কুমিল্লার দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপি নেতা আলমগীর হোসেন প্রধানকে দেখতে চান ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দাদের একটি অংশ। দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং সাধারণ মানুষের সঙ্গে সুসম্পর্কের কারণে তিনি এলাকায় জনপ্রিয়তা অর্জন করেছেন বলে দাবি স্থানীয়দের।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পাঁচগাছিয়া ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, যোগাযোগব্যবস্থার অগ্রগতি এবং সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে একজন দক্ষ, সৎ ও জনবান্ধব নেতৃত্বের প্রয়োজন। তাদের দাবি, আলমগীর হোসেন প্রধান দীর্ঘদিন ধরে সুখে-দুঃখে মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশ নিয়ে আসছেন। এ কারণে ইউনিয়নবাসীর একটি অংশ তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহী।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, আলমগীর হোসেন প্রধান সহজ-সরল ও জনসম্পৃক্ত ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত। দলীয় পরিচয়ের বাইরে সাধারণ মানুষের সঙ্গেও তার নিবিড় যোগাযোগ রয়েছে। জনগণের অধিকার আদায় এবং ইউনিয়নের উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালনকালে তিনি দলীয় নেতাকর্মীদের সংগঠিত করার পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন বলে দলীয় নেতাকর্মীরা জানান। তার দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের কারণে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তাকে ঘিরে ইউনিয়নজুড়ে আলোচনা চলছে।
এ বিষয়ে আলমগীর হোসেন প্রধান বলেন, “আমি সবসময় পাঁচগাছিয়া ইউনিয়নের মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। জনগণ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান এবং দলীয়ভাবে সুযোগ দেওয়া হয়, তাহলে তাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে ইউনিয়নের উন্নয়নে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং পাঁচগাছিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত ইউনিয়নে পরিণত করাই হবে তার প্রধান লক্ষ্য।
স্থানীয়দের প্রত্যাশা, যোগ্য, সৎ ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে আগামী দিনে পাঁচগাছিয়া ইউনিয়নের উন্নয়ন ও নাগরিক সেবার মান আরও এগিয়ে নেওয়া সম্ভব। সে ক্ষেত্রে চেয়ারম্যান হিসেবে আলমগীর হোসেন প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে মনে করছেন তার সমর্থকরা।
আলমগীর হোসেন প্রধানের পরিচিতি:
আলমগীর হোসেন প্রধান বিবিএ ডিগ্রিধারী। তিনি শহীদ নজরুল ইসলাম সরকারি কলেজ, হাসানপুর, দাউদকান্দির সাবেক ছাত্রনেতা। এছাড়া তিনি পাঁচগাছিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি, দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এবং দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডেও তার সম্পৃক্ততা রয়েছে। তিনি সিরাজুল ইসলাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, শ্রীরায়েরচরের পাঁচবার নির্বাচিত অভিভাবক সদস্য এবং ইকরা আদর্শ কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা পরিচালক।