নাসির আহমেদ:
“সব বিষয়ে ছাড় আছে, তবে পাঠদানে কোনো ছাড় নেই। কোনো শিক্ষক পাঠদানে গাফিলতি করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব আসবে।” শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের দায়িত্বশীলতা নিশ্চিত করার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে এ মন্তব্য করেছেন বড়দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আসজাদুর রহমান মিঠু।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টায় নড়াইলের কালিয়া উপজেলার বড়দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে শিক্ষকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় আসজাদুর রহমান মিঠু বলেন, শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে। মোবাইল ফোনের মাধ্যমেও পাঠদানের কার্যক্রম পর্যবেক্ষণের ব্যবস্থা থাকবে। পাশাপাশি বিষয়ভিত্তিক শিক্ষকদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, যাতে শিক্ষার্থীরা নিয়মিত ও মানসম্মত পাঠদান পায়।
তিনি আরও বলেন, শিক্ষকদের পাঠদানের মান ও দায়িত্বশীলতার ভিত্তিতে পুরস্কার ও তিরস্কারের ব্যবস্থা থাকবে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আন্তরিকতা, নিয়মিত পাঠদান এবং দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করতে শিক্ষক-কর্মচারীদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন নড়াগাতি থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, বড়দিয়া মুন্সি মানিক মিয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মোল্লা সাকাওয়াত হোসেন, সাবেক প্রধান শিক্ষক মোল্লা শাহাদত হোসেন, বিএনপি নেতা মামুন খান, সমাজসেবক সবুজ খান, বিদ্যালয়ের শিক্ষক মো. রবিউল ইসলাম ও নাসিরউদ্দিন হামাদী, সহকারী প্রধান শিক্ষক মো. ওয়ারপশ হোসেন এবং বড়দিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোল্লা বাবুল হোসেন।
সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের শৃঙ্খলা, শিক্ষকদের জবাবদিহিতা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। বক্তারা শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
এ সময় বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে সভাপতি আসজাদুর রহমান মিঠু ৫০ লাখ টাকার একটি মেগা প্রকল্প গ্রহণের কথা জানান। পাশাপাশি শিক্ষার্থীদের সুবিধার্থে বিদ্যালয়কে একটি ফ্রিজ উপহার দেন তিনি।
সভায় উপস্থিত শিক্ষকরা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত করা, পাঠদানের মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তাঁদের মতামত তুলে ধরেন।