কালিয়ায় ক্যাশলেস পেমেন্ট সম্প্রসারণে ব্যবসায়ী ও ব্যাংক গ্রাহকদের সঙ্গে মতবিনিময়

নাসির আহমদ:

নড়াইলের কালিয়ায় বাংলা কিউআর (Bangla QR) কোডের ব্যবহার সম্প্রসারণ এবং ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থাকে জনপ্রিয় করার লক্ষ্যে ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও গ্রাহকদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডিজিটাল লেনদেনের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, নগদ অর্থের ওপর নির্ভরতা কমানো এবং নিরাপদ ও আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় কালিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংকের ইমপ্লিমেন্টেশন ইউনিটের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাকে কেন্দ্র করে এর আগে কালিয়া পৌরসভা এলাকায় একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে মূল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

কালিয়া কৃষি ব্যাংকের ব্যবস্থাপক সুভাষ মণ্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক, খুলনার জয়েন্ট ডিরেক্টর সোহেল নওরোজ, বাংলাদেশ কৃষি ব্যাংকের খুলনা বিভাগীয় সহকারী মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান, সহকারী ব্যবস্থাপক হামিম শেখ এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের নড়াইল আঞ্চলিক ব্যবস্থাপক মো. বদরুল হোসেন।

এ ছাড়া কালিয়া উপজেলার বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপক ও কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী এবং ব্যাংক গ্রাহকেরা সভায় উপস্থিত ছিলেন। বক্তারা ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন এবং এ ধরনের ডিজিটাল লেনদেনের সুবিধা সম্পর্কে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের সচেতন করার প্রয়োজনীয়তার কথা বলেন।

সভায় বক্তারা বলেন, দেশের ক্যাশলেস পেমেন্ট ইকোসিস্টেমকে আরও গতিশীল করতে এবং তৃণমূল পর্যায়ে ডিজিটাল লেনদেনের প্রসার ঘটাতে বাংলা কিউআর কোডের ব্যবহার বাড়ানো জরুরি। এ প্রযুক্তির মাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকেরা সহজে, দ্রুত এবং নিরাপদে আর্থিক লেনদেন করতে পারবেন। একই সঙ্গে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তৃতি ঘটলে দৈনন্দিন কেনাকাটা ও ব্যবসায়িক লেনদেনে আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও সহজ হবে।

তারা বলেন, ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থার সুফল সম্পর্কে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে পর্যাপ্ত সচেতনতা তৈরি করা প্রয়োজন। অনেক ক্ষেত্রে ডিজিটাল লেনদেনের সুবিধা সম্পর্কে ধারণার অভাব থাকায় মানুষ এখনো নগদ অর্থের ওপর নির্ভরশীল। এ ক্ষেত্রে ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বক্তারা আরও বলেন, বাংলা কিউআর কোডের ব্যবহার সম্প্রসারণ করা গেলে নগদ অর্থ বহনের প্রয়োজনীয়তা ও নির্ভরতা কমবে। পাশাপাশি লেনদেনের স্বচ্ছতা বৃদ্ধি, আর্থিক কার্যক্রমের হিসাব সংরক্ষণ এবং আধুনিক ব্যাংকিং সেবা গ্রহণের সুযোগ আরও বিস্তৃত হবে। ডিজিটাল লেনদেনের মাধ্যমে ব্যবসায়ী ও গ্রাহক উভয়েই উপকৃত হতে পারবেন।

কালিয়া উপজেলায় ক্যাশলেস পেমেন্ট ব্যবস্থার প্রসার এবং সর্বস্তরে বাংলা কিউআর কোডের ব্যবহার নিশ্চিত করতে ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও গ্রাহকদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তারা। এ লক্ষ্যে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা এবং ডিজিটাল লেনদেনের সুবিধা সম্পর্কে জনগণকে আরও উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।

সভায় অংশগ্রহণকারীরা বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনের ব্যবহার বাড়ানোর মাধ্যমে কালিয়ায় একটি আধুনিক, সহজ ও নিরাপদ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *