মোঃআনজার শাহ
পিরোজপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, ডেঙ্গু প্রতিরোধ, হাসপাতালের সেবার মান উন্নয়ন এবং মাদক ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রোধে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি। জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব নির্দেশনা দেন।
সভায় প্রতিমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মশার প্রজননস্থল ধ্বংস এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। জেলার হাসপাতালগুলোতে চিকিৎসাসেবার মান উন্নয়ন, রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করা এবং হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।
জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আরও তৎপর ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান প্রতিমন্ত্রী। একই সঙ্গে মাদকের বিস্তার ও মাদক ব্যবসার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধে কঠোর নজরদারি এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ এবং একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও শান্তিপূর্ণ পিরোজপুর গড়ে তুলতে সংশ্লিষ্ট সব দপ্তর ও আইন প্রয়োগকারী সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা কাম্য নয় উল্লেখ করে তিনি জনস্বার্থে গৃহীত সিদ্ধান্তগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করার ওপরও জোর দেন।
জেলার সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা ও জনসেবার মান বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রতিমন্ত্রী।