পুতিনের সঙ্গে বৈঠক ‘গঠনমূলক ও কার্যকর’, জানাল ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক:

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের বৈঠক ‘গঠনমূলক, কার্যকর ও অত্যন্ত খোলামেলা’ ছিল বলে জানিয়েছে ক্রেমলিন।রোববার (৬ সেপ্টেম্বর) ক্রেমলিনের সহযোগী ইউরি উশাকভ জানান, শনিবার (৫ সেপ্টেম্বর) মস্কোয় পুতিনের সঙ্গে উইটকফ ও কুশনারের বৈঠকটি ৩ ঘণ্টা ১০ মিনিট ধরে চলে। বৈঠকে ইউক্রেন যুদ্ধের পাশাপাশি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য বড় ধরনের যৌথ প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে।উশাকভ বলেন, ইউক্রেন যুদ্ধের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধান খুঁজতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রস্তুতি আবারও নিশ্চিত করেছেন পুতিন। একই সঙ্গে যুদ্ধের ‘মূল কারণগুলো’ সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।পুতিন যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনীর অগ্রগতির কথাও তুলে ধরেছেন। পাশাপাশি রাশিয়া তাদের লক্ষ্য অর্জন করবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন তিনি।বৈঠকে উইটকফ ও কুশনার যুদ্ধ বন্ধের সম্ভাব্য কয়েকটি উপায় নিয়ে বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে আলোচনার সময় পুতিনের মতামত ও মূল্যায়নগুলো বিবেচনায় রাখবেন বলেও জানিয়েছেন তারা।উশাকভ জানান, পুতিন ও ট্রাম্পের মধ্যে সরাসরি যোগাযোগ অব্যাহত থাকবে। পাশাপাশি দুই দেশের আলোচক দলের মাধ্যমেও আলোচনা চলবে।বৈঠক শেষে উইটকফ ও কুশনার মস্কো ছাড়েন। রোববার তাদের কিয়েভ সফরের কথা রয়েছে।এদিকে হোয়াইট হাউসের এক কর্মকর্তা অ্যাক্সিওসকে জানিয়েছেন, চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের উদ্যোগ এগিয়ে নিতেই পুতিনের সঙ্গে বৈঠক করেছেন উইটকফ ও কুশনার।আলোচনায় মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিল, পররাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। যুদ্ধের অবসান ঘটাতে বিভিন্ন প্রস্তাব নিয়ে তারা আলোচনা করেন।হোয়াইট হাউসের ওই কর্মকর্তা জানান, পরবর্তী পদক্ষেপ নিয়ে দুই পক্ষ ‘গুরুত্বপূর্ণ ও বিস্তারিত পরিকল্পনা’ নিয়ে আলোচনা করেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এসব পরিকল্পনার কিছু বিষয়ে অগ্রগতি হতে পারে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *