পোশাকশিল্পে অস্থিরতা বন্ধে সরকারকে কঠোর হওয়ার পরামর্শ:শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক:

দেশের পোশাকশিল্পে চলমান অস্থিরতার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শিল্পপ্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ জানিয়ে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারকে কঠোর অবস্থান নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

সোমবার (২ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

পোস্টে ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, দেশের পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। কোনো মালিক কিংবা শ্রমিকই শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। কোনো শ্রমিকেরই এ ধরনের কর্মকাণ্ডে জড়ানো উচিত নয়।

তিনি আরও বলেন, ষড়যন্ত্রকারী ও স্বার্থান্বেষী মহল পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্পকে ধ্বংস করার চেষ্টা করছে বলে মনে হচ্ছে। এ বিষয়ে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে।

জামায়াত আমিরের দেওয়া তথ্য অনুযায়ী, ইতোমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুম সামনে রেখে পোশাকশিল্পে যখন নতুন সম্ভাবনা তৈরি হওয়ার কথা, তখন এ শিল্পের ক্ষতি করার পেছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

এ পরিস্থিতিতে দেশের পোশাকশিল্পের স্বার্থ রক্ষায় মালিক, শ্রমিকসহ সংশ্লিষ্ট সব পক্ষকে আন্তরিক, দায়িত্বশীল ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *