এড শিরান অরিজিৎ ও মধুবন্তীর কণ্ঠে শাহরুখের ‘কিং’-এর প্রথম গান প্রকাশ

বিনোদন প্রতিবেদক:

বলিউড বাদশাহ শাহরুখ খানের ৬১তম জন্মদিন উপলক্ষে প্রকাশ পেয়েছে তার নতুন সিনেমা ‘কিং’-এর প্রথম গান। ‘তু মিল জায়ে’ শিরোনামের গানটিতে শাহরুখ খানের সঙ্গে পর্দায় দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। গানটির অন্যতম আকর্ষণ হলো, এতে একসঙ্গে কণ্ঠ দিয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান, ভারতের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং ও বাঙালি সংগীতশিল্পী মধুবন্তী বাগচী। তিন শিল্পীর এই সম্মিলিত পরিবেশনা গানটিকে ঘিরে দর্শক-শ্রোতাদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

সোমবার (২ নভেম্বর) রাত ১২টায় সামাজিক যোগাযোগমাধ্যমে গানটি প্রকাশ করেন শাহরুখ খান। রোমান্টিক আবহে নির্মিত গানটিতে শাহরুখ ও দীপিকার ঘনিষ্ঠ মুহূর্তের পাশাপাশি রয়েছে অ্যাকশন দৃশ্যও। শত্রুদের সঙ্গে হাতাহাতি ও গোলাগুলিতে জড়াতে দেখা যায় শাহরুখকে। গানের শেষ দিকে তার কণ্ঠে শোনা যায়, ‘আর এবার হৃদয়ে আগুন লেগেছে, তাই পৃথিবী না পুড়িয়ে সে থামবে না।’

গানটি প্রকাশের পর ভক্তদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শাহরুখ গানটি নিয়ে লিখেছেন, ‘ভালোবাসার এই সময় শুধু ভাগ্যবানদের জন্য। যেখানে বারুদের গন্ধের মাঝেও গোলাপ ফোটে। ভালোবাসা আর অন্য সব লড়াই নিয়ে… এ ডিসেম্বরে।’

গানটির দৃশ্যায়ন ও শাহরুখ-দীপিকার রসায়নের প্রশংসা করেছেন অনেক দর্শক। তবে কারও কারও মতে, গানটির কিছু দৃশ্য ও অ্যাকশন উপস্থাপনায় শাহরুখের আগের সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর প্রভাব রয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়াও দেখা গেছে।

তবে গানটির তিন সংগীতশিল্পীর একসঙ্গে কণ্ঠ দেওয়ার বিষয়টি বিশেষভাবে নজর কেড়েছে শ্রোতাদের। বিশেষ করে এড শিরান ও অরিজিৎ সিংয়ের যৌথ পরিবেশনা নিয়ে ভক্তদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি হয়েছে। একই গানে দুই জনপ্রিয় শিল্পীর পাশাপাশি মধুবন্তী বাগচীর কণ্ঠ যুক্ত হওয়ায় গানটি পেয়েছে ভিন্নমাত্রা।

উল্লেখ্য, অরিজিৎ সিং ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সন্তান। অন্যদিকে মধুবন্তী বাগচীর জন্ম পশ্চিমবঙ্গের বালুরঘাটে। তিনিও একজন পরিচিত বাঙালি সংগীতশিল্পী। বাংলাদেশের কোক স্টুডিও বাংলাতেও গান করেছেন তিনি।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে ষষ্ঠবারের মতো একসঙ্গে দেখা যাবে। সিনেমাটিতে আরও অভিনয় করছেন অভিষেক বচ্চন ও সুহানা খান। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রানি মুখার্জি, রাঘব জুয়াল, আরশাদ ওয়ারসি ও জয়দীপ আহলাওয়াত। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *