স্পোর্টস ডেস্ক ::
বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনে আগামী রোববার মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। ম্যাচটি শুধু কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াই নয়, এটি হতে পারে নেইমার জুনিয়র ও আর্লিং হালান্ডের ছয় বছর আগের বহুল আলোচিত ব্যক্তিগত দ্বৈরথের আরেকটি অধ্যায়।
২০২০ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইয়ে দুই তারকার খোঁচাখুঁচি ফুটবল বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। সেই লড়াইয়ে শেষ পর্যন্ত হাসি ছিল ব্রাজিলিয়ান তারকা নেইমারের মুখে।
ঘটনার শুরু ২০২০ সালের মার্চে। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬-এর প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে জোড়া গোল করে প্যারিস সেইন্ট-জার্মেইকে (পিএসজি) ২-১ ব্যবধানে হারাতে বড় ভূমিকা রাখেন তরুণ নরওয়েজিয়ান স্ট্রাইকার আর্লিং হালান্ড।
ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ডর্টমুন্ডের জার্সি পরা নিজের একটি ছবি পোস্ট করেন হালান্ড। ছবিতে লেখা ছিল ‘প্যারিস’। এরপর এক অনুসারীর মন্তব্যের জবাবে তিনি রসিকতার সুরে লেখেন, ‘প্যারিস আমার শহর, তোমাদের নয়।’
হালান্ডের এই মন্তব্য পিএসজি শিবিরে ভালোভাবে নেওয়া হয়নি। বিশেষ করে নেইমার ও তার সতীর্থরা বিষয়টিকে ব্যক্তিগত চ্যালেঞ্জ হিসেবে দেখেন এবং দ্বিতীয় লেগের অপেক্ষায় থাকেন।
ফিরতি লেগে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় পিএসজি। সেই ম্যাচে গোল করার পর মাঠের মাঝেই হালান্ডের বিখ্যাত ‘মেডিটেশন’ উদ্যাপন ভঙ্গি নকল করে তাকে খোঁচা দেন নেইমার।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমেও পাল্টা জবাব দেন ব্রাজিলিয়ান তারকা। নিজের পোস্টে তিনি লেখেন, ‘প্যারিস আমাদের শহর, তোমার নয়।’
ছয় বছর পর আবারও যখন ব্রাজিল ও নরওয়ে বিশ্বকাপের নকআউট পর্বে মুখোমুখি হচ্ছে, তখন সেই পুরোনো বাকযুদ্ধ ও উদ্যাপনের পাল্টাপাল্টি খোঁচার স্মৃতিও নতুন করে আলোচনায় উঠে এসেছে।