প্যারিসে হঠাৎ অসুস্থ প্রীতি জিনতা, প্রতিবেশীর ভালোবাসায় মুখে হাসি

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা বর্তমানে প্যারিসে অবস্থান করছেন। সেখানে হঠাৎ প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন তিনি। অসুস্থতার কারণে যখন মন ও শরীর দুটোই খারাপ যাচ্ছিল, তখনই এক প্রতিবেশীর আন্তরিক ভালোবাসায় কিছুটা স্বস্তি পান এই অভিনেত্রী।

প্রীতির অসুস্থতার খবর এক বন্ধুর মাধ্যমে জানতে পারেন প্যারিসে বসবাসকারী এক পরিবার। এরপর দেরি না করে তার মন ভালো করতে শহরের একটি বিশেষ রেস্টুরেন্ট থেকে প্রীতির পছন্দের খাবার ‘কড়ি-চাওয়াল’ পাঠিয়ে দেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, খাবারের বক্স খুলে প্রিয় খাবার ‘কড়ি-চাওয়াল’ দেখে বেশ উচ্ছ্বসিত হয়ে ওঠেন প্রীতি। এমন ছোট্ট অথচ আন্তরিক উদ্যোগে মুগ্ধ হয়ে ওই পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

প্রীতি জানান, পাঞ্জাবি আতিথেয়তার বিশ্বজোড়া সুনাম রয়েছে। এই পরিবারের আন্তরিকতা যেন তারই একটি সুন্দর উদাহরণ। পাশাপাশি প্যারিসে গেলে সবাইকে ওই নির্দিষ্ট রেস্টুরেন্টের খাবারও একবার পরখ করে দেখার পরামর্শ দেন তিনি।

এই কঠিন সময়ে প্রতিবেশীর কাছ থেকে পাওয়া উষ্ণ ভালোবাসা ও মানবিক আচরণ তিনি দীর্ঘদিন মনে রাখবেন বলেও জানান প্রীতি।

এদিকে দীর্ঘ আট বছর পর সম্প্রতি ‘বাটওয়ারা ১৯৪৭’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় ফিরেছেন প্রীতি জিনতা। রাজকুমার সন্তোষী পরিচালিত সিনেমাটিতে সানি দেওলের বিপরীতে অভিনয় করেছেন তিনি। গত ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি।

দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে দাঁড়ানো নিয়ে শুরুতে কিছুটা উদ্বিগ্ন ছিলেন প্রীতি। তবে সহ-অভিনেতা সানি দেওলের আন্তরিক সহযোগিতায় শুটিংয়ের অভিজ্ঞতা সহজ হয়ে ওঠে বলে জানান তিনি। এর আগে ২০১৮ সালের ‘ভইয়াজি সুপারহিট’ সিনেমায় পূর্ণাঙ্গ চরিত্রে সর্বশেষ দেখা গিয়েছিল এই অভিনেত্রীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *