ছুটির আমেজে ওটিটিতে নতুন চমক, থাকছে ‘মাইকেল’ থেকে ‘ডার্ক ম্যাটার ২’

বিনোদন ডেস্ক:

ছুটির দিনে বিনোদনপ্রেমীদের জন্য ওটিটি প্ল্যাটফর্মগুলো নিয়ে এসেছে বেশ কিছু আলোচিত সিনেমা ও সিরিজ। ক্রাইম থ্রিলার, সায়েন্স ফিকশন, মিউজিক্যাল বায়োপিক থেকে শুরু করে সামাজিক ড্রামা—বিভিন্ন ঘরানার নতুন কনটেন্ট মুক্তি পাচ্ছে চলতি সপ্তাহে।

হলিউডের জনপ্রিয় অভিনেতা রবার্ট ডি নিরোর নতুন থ্রিলার থেকে পপসম্রাট মাইকেল জ্যাকসনের জীবন নিয়ে নির্মিত বায়োপিক, পাশাপাশি অনুরাগ কাশ্যপের আলোচিত সিনেমা—সব মিলিয়ে দর্শকদের জন্য থাকছে বৈচিত্র্যময় আয়োজন।

দ্য হুইস্পার ম্যান

রহস্য ও ক্রাইম থ্রিলারের আবহে নির্মিত ‘দ্য হুইস্পার ম্যান’-এর গল্প আবর্তিত হয়েছে লেখক টম কেনেডি ও তার নিখোঁজ ছেলে জেককে ঘিরে। ছেলেকে খুঁজতে টম আশ্রয় নেন তার বিচ্ছিন্ন বাবা পিটার উইলিসের কাছে। পিটার একসময় অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা ছিলেন এবং বহু বছর আগে ‘দ্য হুইস্পার ম্যান’ নামে এক ভয়ংকর সিরিয়াল কিলারকে গ্রেপ্তার করেছিলেন।

এরপর ডিটেকটিভ আমান্ডা বেককে সঙ্গে নিয়ে নতুন করে শুরু হওয়া শিশু অপহরণের রহস্যের জট খুলতে মাঠে নামেন পিটার। সিনেমাটিতে অভিনয় করেছেন অ্যাডাম স্কট, রবার্ট ডি নিরো ও মিশেল মোনাগান।

মুক্তি: ২৮ আগস্ট
প্ল্যাটফর্ম: নেটফ্লিক্স

ডার্ক ম্যাটার (সিজন ২)

মাল্টিভার্সের রহস্যময় জগত নিয়ে আবারও ফিরছে ‘ডার্ক ম্যাটার’। দ্বিতীয় সিজনে একাধিক ইউনিভার্সের ভিন্ন বাস্তবতা ও চরিত্রদের বিচিত্র অভিজ্ঞতার গল্প তুলে ধরা হয়েছে।

জেসন ডেসেন, তার স্ত্রী ড্যানিয়েলা ও ছেলে চার্লি নতুন একটি নিরাপদ পৃথিবীতে জীবন শুরু করার চেষ্টা করলেও সম্পর্কের টানাপোড়েন ও নানা জটিলতা তাদের সামনে নতুন সংকট তৈরি করে। অন্যদিকে আমান্ডা, রায়ান ও ব্লেয়ার নিজেদের গন্তব্যের সন্ধানে বেরিয়ে পড়েন।

মুক্তি: ২৮ আগস্ট
প্ল্যাটফর্ম: অ্যাপল টিভি প্লাস

মাইকেল

পপসম্রাট মাইকেল জ্যাকসনের বর্ণাঢ্য জীবন ও সংগীত ক্যারিয়ার নিয়ে নির্মিত হয়েছে বহুল আলোচিত বায়োপিক ‘মাইকেল’। এতে উঠে এসেছে তার শৈশব, ‘জ্যাকসন ৫’-এর সঙ্গে সংগীতজগতে পথচলা, পারিবারিক টানাপোড়েন এবং বিশ্বমঞ্চে তার উত্থানের গল্প।

পাশাপাশি মাইকেলের ব্যক্তিগত জীবন, গণমাধ্যমের সঙ্গে তার সম্পর্ক ও নানা বিতর্কও তুলে ধরা হয়েছে। নাম ভূমিকায় অভিনয় করেছেন মাইকেল জ্যাকসনের ভাতিজা জাফর জ্যাকসন।

মুক্তি: ২৯ আগস্ট
প্ল্যাটফর্ম: জিও-হটস্টার

বান্দর

অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘বান্দর’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল ও সানিয়া মালহোত্রা। গল্পের কেন্দ্রীয় চরিত্র সাবেক টেলিভিশন তারকা সমর মেহরা। ক্যারিয়ারের পতনের সময় তার প্রাক্তন প্রেমিকা গায়ত্রী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন।

নিজেকে নির্দোষ দাবি করলেও অভিযোগটি দ্রুতই গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর আইনি লড়াইয়ের পাশাপাশি জনমত ও মিডিয়া ট্রায়ালের চাপে সমরের জীবন কীভাবে বদলে যায়, সেই গল্পই তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *