অনলাইন ডেস্ক:
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ফুটবল ক্লাব (বিডিএফসি) মালয়েশিয়ার খেলোয়াড়দের সঙ্গে প্রীতি ফুটসাল ম্যাচ খেলেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তাঁর নেতৃত্বাধীন সফরসঙ্গী দল ৩-১ গোলে জয় পেয়েছে।শনিবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১২টায় কুয়ালালামপুরের লালাপোর্ট ফুটসাল ইনডোর স্টেডিয়ামে এ প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বাধীন দলের হয়ে প্রথম গোলটি করেন আমিনুল হক নিজেই।দলে আরও খেলেন প্রতিমন্ত্রীর ছেলে আয়ান এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী।ম্যাচ শেষে আমিনুল হককে বিডিএফসি মালয়েশিয়া ও বাংলাদেশ স্পোর্টস ম্যানেজমেন্টের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হয়।এ সময় বিডিএফসি মালয়েশিয়ার রাফিজ রহমান রাসেল, মো. সাইফুদ্দিন, আবদুল মোবিন ভূঁইয়া, মোস্তফা ইমরান রাজু, আলী আসগর মিলন, সোহাগ আহম্মেদ, যুবায়ের রহমান, ইকবাল হুসাইন, শাহজাহান আলম ও বাপ্পী কুমার দাসসহ সংগঠনটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।ম্যাচ শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলাধুলার উন্নয়নে ইতোমধ্যে আমরা বেশ কিছু কর্মপরিকল্পনা হাতে নিয়েছি। বিডিএফসি মালয়েশিয়ার খেলোয়াড়দের সঙ্গে ম্যাচ খেলে আমি খুবই উচ্ছ্বসিত। প্রবাসে থেকেও ফুটবল ও খেলাধুলাকে এগিয়ে নিতে আপনাদের যে আন্তরিকতা দেখেছি, তাতে আমি সত্যিই অভিভূত।’তিনি বলেন, ‘আমি মনে করি, খেলাধুলার মাধ্যমে প্রবাসীদের ঐক্যবদ্ধ রাখা সম্ভব। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন দেশে প্রবাসীদের মধ্যে খেলাধুলার চর্চা বাড়ানোর উদ্যোগ নেওয়া যেতে পারে। বিভিন্ন দেশে প্রবাসীদের ঐক্যবদ্ধ করে নানা খেলাধুলার আয়োজন করা সম্ভব।’আমিনুল হক আরও বলেন, ‘এর মাধ্যমে প্রবাসীরা শারীরিক ও মানসিকভাবে ভালো থাকার পাশাপাশি জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড়ও উঠে আসার সুযোগ তৈরি হবে।’