প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মিরপুর গুদারাঘাটে ‘নাডা মনির’ সিন্ডিকেটের মাদকের অরাজকতা: নেপথ্যে যুবদল নেতা ইউনুস রবিন ও ফর্মা বাবু

মো: সাইদুল ইসলাম:

রাজধানীর মিরপুর-১ নম্বরের গুদারাঘাট এইচ ব্লকের ৫ নম্বর রোড ও সংলগ্ন এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবাধে চলছে মাদক ব্যবসা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চিহ্নিত মাদক ব্যবসায়ী নাডা মনির (ওরফে পিচ্চি মনির) এই মাদক সিন্ডিকেটের মূল হোতা।

তার এই অপকর্মের সহযোগী হিসেবে মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে ৮ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা ইউনুস রবিন এবং পিচ্চি মনিরের মেয়ের জামাই ফর্মা বাবু। এই শক্তিশালী চক্রটির কারণে পুরো গুদারাঘাট এলাকা এখন মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় সূত্রে জানা গেছে, পিচ্চি মনির ওরফে নাডা মনির দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করে আসছে। তার এই সিন্ডিকেটকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ও ছত্রছায়ায় রেখে নিরাপত্তা দেন যুবদল নেতা ইউনুস রবিন—এমন অভিযোগ রয়েছে।

আর মাঠপর্যায়ে মাদকের টাকা কালেকশন এবং সরবরাহ তদারকির পুরো দায়িত্ব পালন করেন মনিরের মেয়ের জামাই ফর্মা বাবু বলে অভিযোগ স্থানীয়দের। এই ত্রয়ীর সমন্বয়ে গঠিত সিন্ডিকেটটি অত্যন্ত সুকৌশলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন লাখ লাখ টাকার মাদকের কারবার চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর দাবি, এই সিন্ডিকেটের অরাজকতার কারণে এলাকার তরুণ ও যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। এলাকায় চুরি, ছিনতাইসহ নানা সামাজিক অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে বলেও অভিযোগ তাঁদের। মাদক কারবারিদের ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পায় না। কেউ প্রতিবাদ করলে তাকে এই সিন্ডিকেটের ক্যাডারদের মাধ্যমে নানাভাবে হুমকি-ধমকি ও হয়রানি করা হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

ভুক্তভোগী এলাকাবাসী মিরপুর-১ গুদারাঘাট এইচ ব্লক এলাকাকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে এবং ‘নাডা মনির’, যুবদল নেতা ‘ইউনুস রবিন’ ও ‘ফর্মা বাবু’সহ এই চক্রের সকল সদস্যকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *