প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল ভারত, ৯ দিন ধরে রাজপথে চাকরিপ্রার্থীরা

আন্তর্জাতিক ডেস্ক: দিল্লির সাম্প্রতিক শিক্ষার্থী আন্দোলন শেষ না হতেই এবার ভারতের ঝাড়খণ্ডে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। টানা ৯ দিন ধরে রাঁচির জয়পাল সিং স্টেডিয়ামে অবস্থান কর্মসূচি পালন করছেন শত শত আন্দোলনকারী।

ছাত্রনেতা দেবেন্দ্র নাথ মাহাতোর নেতৃত্বে গত ২৯ জুলাই শুরু হওয়া এ আন্দোলনে অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা অভিযোগ করছেন, ১৪তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) সিভিল সার্ভিস এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের (জেএসএসসি-সিজিএল) প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নফাঁস এবং ৫০ লাখ থেকে ১ কোটি রুপি পর্যন্ত অর্থের বিনিময়ে চাকরির সুযোগ বিক্রির মতো গুরুতর অনিয়ম হয়েছে।

আন্দোলনকারীদের দাবি, ১৪তম জেপিএসসি পরীক্ষা বাতিল করতে হবে এবং পুরো ঘটনার তদন্ত কেন্দ্রীয় তদন্ত সংস্থা (সিবিআই) অথবা রাজ্যের বাইরের কোনো হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে স্বাধীনভাবে পরিচালনা করতে হবে।

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ কারণে অনেকেই আমরণ অনশনের মতো কঠোর কর্মসূচিতে অংশ নিয়েছেন। আন্দোলনের প্রেক্ষাপটে নির্ধারিত জেপিএসসি প্রধান পরীক্ষাও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।

এর আগে দিল্লির জন্তর মন্তরে অনুষ্ঠিত শিক্ষার্থী আন্দোলনের মূল দাবি ছিল বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আর ঝাড়খণ্ডের বর্তমান আন্দোলনে অংশ নেওয়া অধিকাংশই দীর্ঘদিন ধরে সরকারি চাকরির অপেক্ষায় থাকা প্রার্থীরা।

এদিকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রশ্নফাঁসকে জাতীয় সমস্যা হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। তদন্তকারী সংস্থাগুলো কাজ করছে এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পাশাপাশি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলকে মুখ্যমন্ত্রীর বাসভবনে আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আন্দোলনস্থলে গিয়ে সরকারের আলোচনার প্রস্তাব আন্দোলনকারীদের কাছে পৌঁছে দেন।

সূত্র: এনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *