মোহাম্মদ ইউনুছ:
চট্টগ্রামের ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলার বিভিন্ন এলাকায় খোলাবাজারে ডিজেল ও পানি মিশ্রিত অকটেন বিক্রির অভিযোগ উঠেছে। মোটরসাইকেলচালকদের অভিযোগ, একশ্রেণির অসাধু খুচরা তেল বিক্রেতা অতিরিক্ত মুনাফার আশায় অকটেনের সঙ্গে ডিজেল ও পানি মিশিয়ে প্রতি লিটার ১৬৫ টাকা দরে বিক্রি করছেন।
অভিযোগকারীদের দাবি, এ ধরনের জ্বালানি ব্যবহারের কারণে মোটরসাইকেলের ইঞ্জিন, জ্বালানি সরবরাহব্যবস্থা ও কার্বুরেটর ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক মোটরসাইকেলের জ্বালানি ট্যাংকে ময়লা জমে ট্যাংকসহ বিভিন্ন যন্ত্রাংশের ক্ষতি হচ্ছে বলেও অভিযোগ করেছেন চালকেরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ফটিকছড়িতে মোটরসাইকেলের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন হাটবাজারে খুচরা জ্বালানি বিক্রির দোকানও বেড়েছে। তবে এসব দোকানে বিক্রি করা জ্বালানির মান ও মিশ্রণ নিয়ে প্রশ্ন তুলেছেন মোটরসাইকেলচালক ও সচেতন মহলের অনেকে।
তাঁদের অভিযোগ, সরকারি তদারকি ও নজরদারির অভাবে লাইসেন্সবিহীন কিছু দোকানে জ্বালানি বিক্রি করা হচ্ছে। এতে ক্রেতারা প্রতারিত হওয়ার পাশাপাশি যানবাহনের যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে পড়ছেন।
অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, ফটিকছড়ি ও ফটিকছড়ি উত্তর উপজেলায় দাঁতমারা ইউনিয়ন, ফটিকছড়ি উপজেলা সদর ও নাজিরহাটে একটি করে মোট তিনটি ফিলিং স্টেশন রয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, ফিলিং স্টেশনের স্বল্পতার সুযোগ নিয়ে কিছু অসাধু বিক্রেতা এ ধরনের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
তবে ডিজেল ও পানি মিশিয়ে অকটেন বিক্রির অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং জ্বালানির মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদারকি প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।