মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। মঙ্গলবার (২০ মে, ২০২৬) রাতে ফতুল্লা থানাধীন সাইনবোর্ড এলাকার কোবা মসজিদ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম-এর তত্ত্বাবধানে মাদকবিরোধী এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিঃ) শুভংকর বিশ্বাস।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটের দিকে ফতুল্লা থানার একটি চৌকস আভিযানিক দল সাইনবোর্ড ১নং রোডের শান্তিধারা কোবা মসজিদ সংলগ্ন একচালা টিনের ঘরের সামনে অভিযান চালায়। এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক ওজন ২.৫ গ্রাম বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রকি সরকার (৩১)। তার পিতার নাম মোঃ সালাম সরকার এবং মাতার নাম রওশন আরা বিবি। তার স্থায়ী ঠিকানা নওগাঁ জেলার আত্রাই থানার ব্রজপুর এলাকায়। বর্তমানে তিনি ফতুল্লার কুতুবপুর এলাকায় কোবা মসজিদ সংলগ্ন এলাকায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেফতারের পর জব্দ তালিকার মাধ্যমে ইয়াবাগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক, সন্ত্রাস, চুরি-ছিনতাইসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারাও পুলিশের এমন অভিযানে সন্তোষ প্রকাশ করে এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।