মোহাম্মদ হোসেন হ্যাপী:
নারায়ণগঞ্জ নগরীর প্রধান প্রধান সড়কের ফুটপাত থেকে হকার উচ্ছেদ ও যানজট নিরসনের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে নগর ভবন অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।
সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, নারায়ণগঞ্জ একটি জনবহুল ব্যবসায়িক নগরী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে জীবিকা নির্বাহ করছেন। একসময় নগরীতে হকারের সংখ্যা ছিল খুবই কম। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, দুই থেকে আড়াই হাজার হকার শহরজুড়ে দোকান বসিয়ে ব্যবসা করছেন। এতে সাধারণ মানুষ বাধ্য হয়ে সড়কে চলাচল করছে, যার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
এছাড়াও বক্তারা শহরের অভ্যন্তরে অতিরিক্ত অবৈধ অটোরিকশা চলাচলের কারণে যানজট আরও অসহনীয় হয়ে উঠছে বলে উল্লেখ করেন। তারা বলেন, প্রথমে এসব অবৈধ হকার ও যানবাহন উচ্ছেদ করতে হবে, পরবর্তীতে তাদের পুনর্বাসনের ব্যবস্থা নিতে হবে।
সভাপতির বক্তব্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ শহরে হকার ও যানজট সমস্যা প্রকট আকার ধারণ করেছে, যার ফলে নগরবাসী প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। এ পরিস্থিতি থেকে জনগণকে মুক্তি দিতে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে এ সভার আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, নগরীকে ফুটপাত ও যানজটমুক্ত করতে বিভিন্ন প্রস্তাব এসেছে। তবে প্রথমে শহর থেকে হকার উচ্ছেদ করা হবে এবং পরবর্তীতে তাদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি যানজট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশা, ফতেহ মোঃ রেজা রিপন, মনির হোসেন, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট সরকার হুমায়ুন কবীর, ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী, ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, কমরেড মন্টু ঘোষ, আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।