ফুলের সুবাসে, বন্ধুত্বের উষ্ণতায় প্রেস ক্লাবে কাদের গনি চৌধুরীর ৫৩তম জন্মদিন উদযাপন

মোঃআনজার শাহ

ফুলেল শুভেচ্ছা, বর্ণাঢ্য আয়োজন আর সহকর্মী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হয়ে ৫৩তম জন্মদিন উদযাপন করেছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী।

শনিবার (৩১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘আড্ডা’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিক নেতৃবৃন্দ, বিভিন্ন সাংবাদিক সংগঠনের প্রতিনিধি, সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

দিনটির আয়োজন পরিণত হয় সাংবাদিকদের এক আন্তরিক মিলনমেলায়। শুভকামনা, উষ্ণ ভালোবাসা আর প্রাণবন্ত আড্ডায় মুখর হয়ে ওঠে পুরো হলঘর। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কাদের গনি চৌধুরীর দীর্ঘ সাংবাদিকতা জীবন, পেশাগত নিষ্ঠা এবং সাংবাদিক সমাজের কল্যাণে তাঁর ভূমিকার প্রশংসা করেন।
জন্মদিনের এই আয়োজন কেবল ব্যক্তিগত আনন্দের উপলক্ষ হয়ে থাকেনি; বরং সাংবাদিক সমাজের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত ঐক্যের এক সুন্দর প্রতিফলন হয়ে উঠেছে।

কাদের গনি চৌধুরী দেশের সাংবাদিকতা অঙ্গনের একজন পরিচিত মুখ। বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালনের পাশাপাশি বিএফইউজের মহাসচিব হিসেবে তিনি সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও কল্যাণে কাজ করে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *