মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে কলেজছাত্র রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আউয়াল এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নুরুল ইসলাম, সায়মন ইসলাম, নাহিদুল ইসলাম রনি ও আনোয়ার হোসেন। তাঁদের মধ্যে রনি ও আনোয়ার পলাতক রয়েছেন।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের নভেম্বর মাসে ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া গ্রামের নিজ বাড়িতে পরিবারের সামনে কুপিয়ে হত্যা করা হয় মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈমকে।
এ ঘটনায় নাঈমের বাবা চেরাগ মিয়া বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় ১০ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাদীপক্ষ। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, তাঁরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘ পর্যালোচনার পর আদালত এ রায় দিয়েছেন। রায়ে বাদীপক্ষ সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং মামলার অন্য আসামিদের খালাস দেওয়া হয়েছে।