নরসিংদী প্রতিনিধি:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘বেহেস্তের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়েছে।’ তিনি দাবি করেন, বিভিন্ন পক্ষ নানা ধরনের ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলা অডিটোরিয়ামে অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদান ও টিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘ফ্যাসিস্টরা বলছে ডিসেম্বরে নাকি তাদের রানীমা দেশে আসবে। আর রাজাকাররা বলছে ডিসেম্বরে আমাদের পতন ঘটাবে। তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে। তাই আপনাদের সাবধান থাকতে হবে।’
জ্বালানি প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ দেশকে পরনির্ভরশীল রাখার জন্য নতুন কোনো গ্যাসকূপ খনন করেনি। বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির মাধ্যমে দ্রুত বঙ্গোপসাগরে গ্যাসকূপ খননের উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, জ্বালানি সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর বাসভবন থেকে শুরু করে বিভিন্ন খাতের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। দেশের জ্বালানি চাহিদা পূরণে অন্যের ওপর নির্ভরশীল না হওয়ার কথাও বলেন তিনি।
স্বাস্থ্য খাতের বিষয়ে মন্ত্রী বলেন, জনসংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে আগামী মাস থেকে ব্যাপক হারে পরিবার পরিকল্পনার পিলসহ অন্যান্য সামগ্রী বিতরণ শুরু করা হবে। স্বাভাবিক প্রসবের জন্য নতুন ওষুধ ও যন্ত্রপাতি আনা হচ্ছে বলেও জানান তিনি।
মায়েদের অপ্রয়োজনীয় সিজারিয়ান প্রসবের দিকে না নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ যেন দালালের খপ্পরে পড়ে সিজারের দিকে না যান। আগামী শনিবার থেকে পুনরায় হামের টিকাদান কার্যক্রম শুরু হবে উল্লেখ করে যেসব শিশু এখনো টিকা নেয়নি, তাদের টিকা দেওয়ার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী পৌরসভা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে সকালে উপজেলার কাচিকাটা ইউনিয়নের কাটাবাড়িয়ায় পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্বোধন করেন তিনি।