বজ্রপাতে বিকল ১০ এমভিএ ট্রান্সফরমার, চারদিন ধরে বিদ্যুৎহীন লালমনিরহাটের ৬ ইউনিয়ন

লালমনিরহাট প্রতিনিধি:

বজ্রপাতে পল্লী বিদ্যুতের ১০ এমভিএ ক্ষমতাসম্পন্ন একটি পাওয়ার ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়ায় লালমনিরহাটের আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নে টানা চারদিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে প্রায় ৫০ হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন।

বিদ্যুৎবিহীন ইউনিয়নগুলো হলো— কমলাবাড়ী, পলাশী, ভেলাবাড়ী, গোড়ল, চলবলা ও দুর্গাপুর। এসব এলাকার অধিকাংশ গ্রাহক দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ না থাকায় নানামুখী সমস্যার সম্মুখীন হচ্ছেন।

স্থানীয়দের অভিযোগ, চারদিন আগে ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে আদিতমারী-২ (হাজীগঞ্জ) সাব-স্টেশনের ১০ এমভিএ ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। এরপর প্রায় ৯২ ঘণ্টা পার হলেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা সম্ভব হয়নি।

দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় খাবার পানির সংকট, মোবাইল ফোন চার্জ দিতে সমস্যা, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম ও দৈনন্দিন জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তীব্র গরমে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগ আরও বেড়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বিদ্যুৎ না থাকায় ফ্রিজে সংরক্ষিত দুধ, মাংস, মাছসহ বিভিন্ন খাদ্যপণ্য নষ্ট হয়ে যাচ্ছে। এতে তারা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। অন্যদিকে শিক্ষার্থীরা বিদ্যুৎ না থাকায় রাতে পড়াশোনা করতে পারছেন না।

দুর্ভোগে থাকা বাসিন্দারা দ্রুত বিকল ট্রান্সফরমার মেরামত বা নতুন ট্রান্সফরমার স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে আদিতমারী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মুহাম্মদ আব্দুল ফাত্তাহ জানান, বজ্রপাতে বিকল হওয়া ট্রান্সফরমারের কারণে প্রায় ২২ হাজার গ্রাহক বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত রয়েছেন। ইতোমধ্যে ঢাকা থেকে নতুন ট্রান্সফরমার আনা হয়েছে এবং তা প্রতিস্থাপনের কাজ চলছে। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস বলেন, বিদ্যুৎ বিভাগের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *