স্বাধীন সংবাদ বিনোদন:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত চলচ্চিত্র ‘বনলতা সেন’। সম্প্রতি সিনেমাটি দেখে নিজের অনুভূতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন অভিনেত্রী সাদিয়া আয়মান। পোস্টে তিনি ছবিটির ভিজ্যুয়াল, গল্প, চরিত্র নির্মাণ, অভিনয়, সাউন্ড ডিজাইন, শিল্পনির্দেশনা ও সংগীতের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি নির্মাতা ও অভিনয়শিল্পীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাদিয়া লেখেন, “এমন নান্দনিক ও হৃদয়ছোঁয়া সিনেমা বাংলাদেশি চলচ্চিত্রে আরও হওয়া উচিত।”
তবে তাঁর পোস্টের চেয়ে বেশি আলোচনায় এসেছে মন্তব্যের ঘরে দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাবে দেওয়া তাঁর প্রতিক্রিয়া।
একজন মন্তব্য করেন, “আপা, উক্ত সিনেমা তো আমার মোবাইলে আছে, তাহলে কোন দুঃখে টিকিট কেটে সিনেমা হলে গিয়ে দেখতে যাব?”
এর জবাবে সাদিয়া আয়মান লেখেন, “চুরি করা কোনো কিছুই ভালো না। সবার এত পরিশ্রমের কাজ যদি আপনি ৫০০ টাকার বিনিময়ে হলে না গিয়ে চুরি করে মোবাইল ফোনে দেখতে চান, দেখতে পারেন। তবে এত সুন্দর ভিজ্যুয়াল মোবাইলের ছোট স্ক্রিনে দেখতে একদমই ভালো লাগবে না। এটা হলের ছবি, হলে গিয়েই দেখা উচিত।”
তাঁর এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে পাইরেসি এবং সিনেমা হলে গিয়ে চলচ্চিত্র দেখার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এদিকে আরেকজন মন্তব্য করেন, “ভাই প্রোমোট করছে এক এক ছবি করে, যাতে নেক্সট মুভিতে প্রাধান্য দেয়।”
এর জবাবে সাদিয়া কিছুটা রসিকতার সুরে লেখেন, “অবশ্যই ভাই! পৃথিবীতে স্বার্থ ছাড়া তো গাছের পাতাও নড়ে না, আমরা সবাই স্বার্থপর মানুষ। কেউ একটু কম আর কেউ একটু বেশি!”
আরেকজন মন্তব্য করেন, “বনলতা সেন—একটি বিখ্যাত ও বড় নাম। এই ছবিতে আপনার মতো সুপারস্টার অভিনেত্রী নেওয়া উচিত ছিল।”
জবাবে সাদিয়া লেখেন, “যে এতে অভিনয় করেছেন তিনিই বড় সুপারস্টার। ‘আয়নাবাজি’ এবং ‘তুফান’-এর মতো হিট সিনেমার সুপারহিট অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা।”
সাদিয়ার পোস্টে মন্তব্য করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ‘বনলতা সেন’ সিনেমার অভিনেতা সোহেল মণ্ডল। তিনি লেখেন, “ডিয়ার সাদিয়া আয়মান, সহকর্মীদের নিয়ে তোর যে উচ্ছ্বাস, অভিবাদন জানানোর সংকোচহীনতা সত্যিই মুগ্ধ করল। রেসপেক্ট। সুন্দর সুন্দর কাজ দিয়ে তুইও আমাদের মুগ্ধ করেছিস, সামনেও করবি। এগিয়ে যা, ভালো থাকিস।”