বন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোহাম্মদ হোসেন হ্যাপী:

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও মাদক নির্মূলে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। বন্দর থানার অফিসার ইনচার্জ জনাব গোলাম মুক্তার আশরাফ উদ্দিনের প্রত্যক্ষ নেতৃত্বে এসআই (নিঃ) আরিফ তালুকদার সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।

অভিযানটি বন্দর থানাধীন বন্দর বাসস্ট্যান্ড রেললাইন সড়কের মদনগঞ্জ টু মদনপুর এলাকায় পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থান করে পুলিশ মাদক বিক্রয় ও সরবরাহের সময় হাতেনাতে একজনকে আটক করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম শফিকুল ইসলাম (২৬)। তিনি পিতা আশরাফ আলী ও মাতা রীনা বেগমের সন্তান। তার স্থায়ী ঠিকানা ভদ্রাসন (তাতীপাড়া) গ্রাম, শিবচর থানা, মাদারীপুর জেলা হলেও বর্তমানে তিনি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন রূপালী আবাসিক এলাকায় বসবাস করছিলেন বলে জানা যায়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির দখল থেকে মোট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার মাদক সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।

পরবর্তীতে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। স্থানীয় এলাকাবাসী পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছে এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *