বন্যার্ত মানুষের পাশে চকরিয়া ইউনিক হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া

কক্সবাজারের চকরিয়া ও আশপাশের এলাকায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে চকরিয়া ইউনিক হাসপাতাল (প্রা.) লি.। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের উদ্যোগে বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, চাল ও জরুরি ওষুধ বিতরণ করা হয়েছে।

রোববার (১২ জুলাই) বিকেলে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বিভিন্ন বন্যাকবলিত এলাকায় পানিবন্দি পরিবারের হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আকতার আহমদ (বি.এ. অনার্স, এম.এ.), অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. মাহমুদুল আমিন, শিশু বিশেষজ্ঞ ডা. ইকবাল হোসেন, বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা মুহাম্মদ ছালেকুজ্জামান এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রাকৃতিক দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো তাদের সামাজিক দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। সেই দায়িত্ববোধ থেকেই হাসপাতালের একটি বিশেষ টিম দুর্গত মানুষের কাছে খাদ্যসামগ্রী, প্রয়োজনীয় ওষুধ ও জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছে।

কর্তৃপক্ষ আরও জানায়, শুধু চিকিৎসাসেবা প্রদানই নয়, যেকোনো দুর্যোগ ও সংকটে চকরিয়াবাসীর পাশে থাকা তাদের অঙ্গীকার। একই সঙ্গে সমাজের বিত্তবান ও সচেতন মানুষকে বন্যাদুর্গতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে তারা বলেন, “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সামান্য সহযোগিতাও একটি অসহায় পরিবারের মুখে হাসি ফোটাতে পারে।”

যেকোনো জরুরি চিকিৎসাসেবার জন্য ইউনিক হাসপাতালের হেল্পলাইনে যোগাযোগ করার আহ্বানও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে, বন্যাদুর্গত মানুষের পাশে ইউনিক হাসপাতালের এই মানবিক উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দুর্যোগের এই সময়ে এমন সহমর্মিতা ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *