বরুড়া থানা প্রেসক্লাবের উদ্যোগে শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃ আনজার শাহ:

হাড়কাঁপানো শীতে যখন জনজীবন স্থবির, তখন অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বরুড়া থানা প্রেসক্লাব। সামাজিক দায়বদ্ধতা থেকে সংগঠনটির নিজস্ব উদ্যোগে কুমিল্লার বরুড়া উপজেলায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৮টায় বরুড়া উপজেলা পরিষদ চত্বরে এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বরুড়া থানা প্রেসক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত এই মানবিক অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে উষ্ণ চাদর বিতরণ করা হয়। এই উদ্যোগে সার্বিক সহযোগিতা করে ‘আলোকিত সময় নিউজ টুয়েন্টি ফোর’।

বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি মাসুদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা জাসিদুল ইসলাম এবং উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা ইলিয়াস মিয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরুড়া থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আসাদুজ্জামান রনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা কেবল সংবাদ পরিবেশনই করেন না, বরং সমাজের প্রতি তাদের একটি বড় দায়বদ্ধতা রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই বরুড়া থানা প্রেসক্লাব যেভাবে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। সমাজের বিত্তবান ও বিভিন্ন সংগঠন যদি এভাবে এগিয়ে আসে, তবে শীতের কষ্ট অনেকটাই লাঘব হবে।” তিনি আরও বলেন, এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং অন্যদেরও অনুপ্রাণিত করে।

প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-দপ্তর সচিব মোঃ আনজার শাহ বলেন, “শীত মৌসুমে গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের কষ্ট সবচেয়ে বেশি। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে অনেক মানুষ চরম দুর্ভোগে রাত কাটান। তাদের কষ্ট কিছুটা লাঘব করতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও বরুড়া থানা প্রেসক্লাব সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরুড়া থানা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহেল খন্দকার, সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সৌরভ লোধ, অর্থ ও দপ্তর সম্পাদক জাহাঙ্গীর মীর, প্রচার সম্পাদক রাকিবুল ইসলামসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

অসহায় মানুষগুলো শীতবস্ত্র হাতে পেয়ে বরুড়া থানা প্রেসক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *