বরুড়ায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে মানববন্ধন: ‘মাদকমুক্ত সমাজ গড়তে চাই সম্মিলিত সামাজিক প্রতিরোধ’

মোঃআনজার শাহ 

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে কুমিল্লার বরুড়ায় মানববন্ধন ও আলোচনা সভার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বক্তারা বলেছেন, মাদকের বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়; পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগই পারে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে।

শুক্রবার (২৬ জুন) সকাল ১০টায় বরুড়া বাজার গোলচত্বরে ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন অব বরুড়া (ভাব)-এর উদ্যোগে এই মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির আহ্বান জানান।

মানববন্ধন শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান, সাবেক কাউন্সিলর জাকির হোসেন, অধ্যক্ষ সফিকুল আমিন পাটোয়ারী, খতিব ও অধ্যক্ষ মনির হোসেন, সাংবাদিক ইকরামুল হক, কাজী মমিন উল্লাহ, আমান উল্লাহ আমান, মাওলানা জিয়া উদ্দীন আহমদ, অ্যাডভোকেট শাহাবুদ্দিন আহমদ এবং ফারভীন ইসলাম।

বক্তারা বলেন, মাদক একটি নীরব সামাজিক ব্যাধি, যা তরুণ প্রজন্মের ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এই ভয়াবহ সংকট মোকাবিলায় কেবল প্রশাসনের ওপর নির্ভর না করে সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে তরুণদের খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের আগ্রাসন প্রতিরোধ সম্ভব বলেও তারা মত প্রকাশ করেন।

আয়োজক সূত্রে জানা যায়, জেলার ২৩টি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের শতাধিক প্রতিনিধি এ কর্মসূচিতে অংশ নেন। অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাই মাদকমুক্ত বরুড়া ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *