Deprecated: Function WP_Dependencies->add_data() was called with an argument that is deprecated since version 6.9.0! IE conditional comments are ignored by all supported browsers. in /home/u102988081/domains/dailyswadhinsangbad.com/public_html/wp-includes/functions.php on line 6260
বরুড়ায় আর কোনো মানুষ চিকিৎসার অভাবে দৃষ্টিহীন থাকবেন না : সচিব শাহ আলম - দৈনিক স্বাধীন সংবাদ

বরুড়ায় আর কোনো মানুষ চিকিৎসার অভাবে দৃষ্টিহীন থাকবেন না : সচিব শাহ আলম

মোঃআনজার শাহ :-

অর্থের অভাবে যেন কোনো মানুষ দৃষ্টির আলো থেকে বঞ্চিত না হন এমন মানবিক প্রত্যয় নিয়ে কুমিল্লার বরুড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে বরুড়া জনকল্যাণ সমিতি, ঢাকা। সংগঠনের উদ্যোগে আয়োজিত ফ্রি চক্ষু শিবিরে ব্যাপক সাড়া দিয়েছেন উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দরিদ্র রোগীরা। শিবির থেকে বাছাই করা রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হচ্ছে।

বরুড়া জনকল্যাণ সমিতির সভাপতি ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. শাহ আলম বলেন, মানুষের কল্যাণে কাজ করাই এই সংগঠনের মূল লক্ষ্য। বরুড়ার মানুষের জন্য চক্ষু চিকিৎসাসেবাকে আরও বিস্তৃত করে উপজেলার প্রতিটি ইউনিয়নে সারা বছরব্যাপী এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে সংগঠনের।
তিনি বলেন, বরুড়া জনকল্যাণ সমিতি একটি মানবতাবাদী ও মানবকল্যাণমূলক সামাজিক সংগঠন। প্রতিষ্ঠালগ্ন থেকেই আত্মমানবতার সেবা, সামগ্রিক সামাজিক কল্যাণ এবং মানবিক মূল্যবোধকে ধারণ করে সংগঠনটি কাজ করে আসছে। সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থী, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং বন্যা, শীত ও খরাকালে মানবিক সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড নিয়মিত পরিচালনা করে আসছে এই সংগঠন।
চক্ষু শিবিরের উদ্যোগকে মানবিক সেবার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করে সচিব শাহ আলম বলেন, চক্ষুসেবার মাধ্যমে জনকল্যাণ সমিতি মানুষের পাশে নতুনভাবে হাত বাড়িয়েছে। এই কার্যক্রমের সূচনা করেছিল সংগঠনের পূর্ববর্তী কমিটি, যাদের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগ অত্যন্ত মানবিক ও জনকল্যাণমূলক। তাই কার্যক্রমটি সীমিত পরিসরে না রেখে বরুড়ার প্রতিটি ইউনিয়নে সারা বছরব্যাপী পরিচালনা করতে চান তাঁরা। শাহ আলম বলেন, আমরা প্রত্যয় ব্যক্ত করতে চাই অদূর ভবিষ্যতে বরুড়ায় যেন কোনো চক্ষুরোগী চিকিৎসার অভাবে কষ্ট না পান, সেই লক্ষ্যেই আমরা আরও ব্যাপক উদ্যোগ গ্রহণ করতে চাই।
তিনি বলেন, এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে পারলে বরুড়া জনকল্যাণ সমিতি ভবিষ্যতে আরও বড় পরিসরে মানবিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করতে সক্ষম হবে।

ফ্রি চক্ষু শিবিরে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সাধারণ মানুষের উৎসাহ ও সাড়া তাঁদের আরও অনুপ্রাণিত করছে। স্বাস্থ্যসেবা গ্রহণে মানুষের আগ্রহ এবং তাদের উপকৃত হওয়ার দৃশ্য সংগঠনের সদস্যদের মানবিক মূল্যবোধকে আরও জাগ্রত করেছে।

তিনি জানান, শিবির থেকে প্রায় ১০০ জন চক্ষুরোগীকে কুমিল্লার আল-হাসান হাসপাতালে নিয়ে গিয়ে বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা ও চক্ষু অস্ত্রোপচারের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। রোগীদের চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য স্বাস্থ্যসেবাও বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

সচিব শাহ আলম বলেন, মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় মানবিক কাজ আর কী হতে পারে? আমরা মনে করি, এই উদ্যোগ শুধু একটি চক্ষু শিবির নয়; এটি মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

চক্ষু শিবিরের এই উদ্যোগে বরুড়া জনকল্যাণ সমিতির নেতৃবৃন্দ, পরিচালক, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সচিব শাহ আলম বলেন, সবার সহযোগিতা ও সমর্থন পেলে বরুড়া জনকল্যাণ সমিতি আরও বৃহৎ পরিসরে মানবিক কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *