বরুড়ায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃআনজার শাহ

কুমিল্লার বরুড়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় বাংলাদেশ টেলিভিশনের আয়োজনে একটি বহিরাঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (১৯ জুন) বিকাল ৩টায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ শাহ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও উপপরিচালক রিয়াসাত আল ওয়াসিফ এবং প্রকল্প পরিচালক মাহবুবা ফেরদৌস। এ সময় ভার্চুয়ালি ভিডিও বার্তা দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি এবং বরুড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ জহিরুল হক স্বপন। এ ছাড়া সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, দপ্তরপ্রধান, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এই প্রকল্পের অন্যতম লক্ষ্য হলো ছেলে ও মেয়ে শিশুদের মধ্যে কোনো বৈষম্য না করা। তারা বলেন, ছেলেকে একটি ডিম দিয়ে মেয়েকে বঞ্চিত করা চলবে না। নারীদের অনগ্রসর রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, তাই দেশের উন্নয়নে সরকারের বিভিন্ন কার্যক্রমে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
বক্তারা আরও বলেন, শিশুদের পুষ্টিসম্মত খাবারের ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে বরুড়ার কচুরলতি একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান, কারণ এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে, যা পুষ্টির ঘাটতি পূরণে সহায়ক ভূমিকা রাখে।

অতিথিরা শিশুদের স্বাস্থ্যসম্মত জীবনযাপনে অভ্যস্ত করার ওপরও গুরুত্ব দিয়ে বলেন, খাবার গ্রহণের পূর্বে সাবান দিয়ে হাত ধোয়া এবং স্বাস্থ্যসম্মতভাবে স্যানিটারি ব্যবহারের অভ্যাস শৈশব থেকেই গড়ে তোলা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *