অনলাইন ডেস্ক:
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে দুই নেতার মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করেন দুই নেতা। একই সঙ্গে দুই দেশের সম্পর্কের ইতিবাচক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তারা।
বৈঠকে শাহবাজ শরিফ বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানান। পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব গ্রহণ করায় বাংলাদেশকে অভিনন্দন জানান তিনি এবং জাতিসংঘের লক্ষ্য ও উদ্দেশ্য এগিয়ে নিতে বাংলাদেশের উদ্যোগে পাকিস্তানের সমর্থনের কথা জানান।
শাহবাজ শরিফ বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও গভীর করতে পাকিস্তানের দৃঢ় অঙ্গীকার রয়েছে। জবাবে তারেক রহমান দুই দেশের সম্পর্কের ইতিবাচক গতিপথে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ সরকার সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বলে জানান।
বৈঠকে দুই দেশ বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন এবং জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রে সহযোগিতা আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।
এ ছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন দুই প্রধানমন্ত্রী। জাতিসংঘসহ বহুপক্ষীয় বিভিন্ন ফোরামে দুই দেশের মধ্যে সমন্বয় অব্যাহত রাখার গুরুত্বও তুলে ধরেন তারা।
দুই নেতা পারস্পরিক সম্মান, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ককে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নিয়মিত যোগাযোগ ও সংলাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।