বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই পারে দেশ ও জাতির ভাগ্য বদলাতে: কায়সার আলম সেলিম

স্টাফ রিপোর্টার:

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের ছোট ভাই, কুমিল্লা-৮ বরুড়া উপজেলা বিএনপির সভাপতি এবং কুমিল্লা জেলা বিএনপির সদস্য কায়সার আলম সেলিমের হাতে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ‘স্বাধীন সংবাদ’ পত্রিকার সর্বশেষ সংখ্যা তুলে দেন পত্রিকাটির সিনিয়র স্টাফ রিপোর্টার ও বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এবং জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-দপ্তর সচিব সাংবাদিক মো. আনজার শাহ।

এ সময় সাংবাদিক মো. আনজার শাহ জানান, কায়সার আলম সেলিমের উদার মন-মানসিকতা এবং গণমাধ্যমকর্মীদের প্রতি তাঁর আন্তরিক আচরণ ও সহযোগিতামূলক মনোভাব তাঁকে গভীরভাবে মুগ্ধ করেছে। একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হয়েও সাংবাদিকতার স্বাধীনতার প্রতি তাঁর এই দৃষ্টিভঙ্গি অত্যন্ত প্রশংসনীয় এবং সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

সাক্ষাতের সময় কায়সার আলম সেলিম সাংবাদিক আনজার শাহকে উদ্দেশ্য করে দৃঢ়কণ্ঠে বলেন, “সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। এ ক্ষেত্রে যদি আমিও কোনো অন্যায় করে থাকি, আমার বিপক্ষে লিখতেও দ্বিধাবোধ করবে না। সর্বদা বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ প্রতিবেদন রচনা করবে, যাতে দেশ ও জাতির কল্যাণ সাধিত হয়।”

তাঁর এই সাহসী ও আত্মপ্রত্যয়ী বক্তব্য গণমাধ্যমের স্বাধীনতার প্রতি তাঁর অকুণ্ঠ সমর্থন ও গভীর শ্রদ্ধার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একজন ক্ষমতাসীন মন্ত্রীর ভাই হওয়া সত্ত্বেও নিজের বিরুদ্ধেও সত্য লেখার উদাত্ত আহ্বান জানানো তাঁর ব্যক্তিত্বের অন্যতম উজ্জ্বল দিক হিসেবে বিবেচিত হচ্ছে রাজনৈতিক ও সাংবাদিক মহলে।

এ প্রসঙ্গে কায়সার আলম সেলিম আরও বলেন, “একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্রের মেরুদণ্ড। সাংবাদিকরা যদি নির্ভয়ে ও নিরপেক্ষভাবে সত্য তুলে ধরেন, তাহলে সমাজে জবাবদিহিতার সংস্কৃতি গড়ে ওঠে এবং দেশ ও জাতি উপকৃত হয়। কলম যখন সত্যের পক্ষে থাকে, তখন সেই কলমই হয়ে ওঠে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।”

অপরদিকে, কায়সার আলম সেলিম তাঁর বড় ভাই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের কর্মনিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন। তিনি আবেগমিশ্রিত কণ্ঠে বলেন, “আমার ভাই মন্ত্রী জাকারিয়া তাহের দেশের গৃহায়ন ও অবকাঠামো উন্নয়নে যে নিরলস ও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তা সত্যিকার অর্থেই অভূতপূর্ব। তিনি দিনরাত অদম্য মনোবল ও নিষ্ঠা নিয়ে কাজ করে চলেছেন। তাঁর এই উন্নয়নমুখী কর্মযজ্ঞ দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সুদূরপ্রসারী ভূমিকা রেখে চলেছে—এ বিষয়ে নতুন করে বলার আর কোনো অবকাশ নেই।”

উল্লেখ্য, সাংবাদিক মো. আনজার শাহ দীর্ঘদিন ধরে জাতীয় দৈনিক ‘স্বাধীন সংবাদ’-এ সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত আছেন এবং একই সঙ্গে বাংলাদেশ হিউম্যান রাইটস অ্যান্ড প্রেস সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা ও মানবাধিকার প্রতিষ্ঠায় তাঁর নিরন্তর সক্রিয় ভূমিকা সংশ্লিষ্ট মহলে বহুল প্রশংসিত ও স্বীকৃত।

কায়সার আলম সেলিমের এই সাহসী বক্তব্য ও গণমাধ্যমবান্ধব উদার মনোভাব রাজনৈতিক অঙ্গনে ব্যাপক ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে এবং তরুণ সাংবাদিক সমাজে নতুন অনুপ্রেরণার সঞ্চার করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *