মোঃ শামীম হোসেন সিকদার:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বান্দরবান সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মিল্টন দস্তিদারকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে জারি করা এক অফিস আদেশে তাঁর সাময়িক বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে। অফিস আদেশ সূত্রে জানা গেছে, মিল্টন দস্তিদার ফরিদগঞ্জ, চাঁদপুরের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় আসামি হন। ওই সময় তিনি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সঙ্গে সংযুক্ত ছিলেন।
মামলার বিবরণ অনুযায়ী, দুদক জেলা কার্যালয়, চাঁদপুরের দায়ের করা মামলা নং-০৫, তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৪, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(২) ধারায় মামলাটি করা হয়। মামলাটির ধার্য তারিখে আদালতে হাজিরা না দেওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি কার্যক্রম পরিচালনা করা হয়। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে গত ২৩ জুলাই ২০২৬ তারিখে আদালতের মাধ্যমে তাকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জারি করা অফিস আদেশে বলা হয়েছে, মিল্টন দস্তিদার বর্তমানে চাঁদপুর জেলা কারাগারে আটক থাকায় সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ ধারা এবং ৭৩ নম্বর বিধির নোট (২)-এর বিধান অনুযায়ী তাকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আদেশ অনুযায়ী, তাঁকে গ্রেপ্তারের তারিখ অর্থাৎ ২৩ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ থেকে সাময়িক বরখাস্ত হিসেবে গণ্য করা হবে। সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত সরকারি বিধি অনুযায়ী খোরাকি ভাতা পাওয়ার অধিকারী হবেন। অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, মিল্টন দস্তিদারের বিরুদ্ধে দায়ের করা মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর সাময়িক বরখাস্তের আদেশ বহাল থাকবে। মামলার নিষ্পত্তি শেষে সরকারি বিধি অনুযায়ী তাঁর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে মামলার নিষ্পত্তির পর তাঁকে বর্তমান কর্মস্থলে যোগদানের সুযোগ দেওয়া অথবা উপযুক্ত কোনো পদে পদায়ন করার বিষয়টি বিবেচনা করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারী ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আটক থাকলে প্রচলিত সরকারি চাকরি বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে সাময়িক বরখাস্তের প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। সেই বিধানের আওতাতেই পিআইও মিল্টন দস্তিদারের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট অফিস আদেশে উল্লেখ করা হয়েছে। এদিকে, তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার আইনগত কার্যক্রম আদালতে চলমান রয়েছে। মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অভিযোগগুলোর বিষয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জারি করা আদেশটি ২৩ জুলাই ২০২৬ তারিখ থেকে কার্যকর বলে গণ্য হবে।