মো: শামীম সিকদার:
বান্দরবান সদর হাসপাতালের নির্মাণাধীন সম্প্রসারিত ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল প্রাঙ্গণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মো. সাকিব (২০) ও কামরুল হাসান (৩৫)। তারা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও হাসপাতাল সূত্রে জানা যায়, সদর হাসপাতালের সার্ভিস ভবনের নির্মাণকাজে নিয়োজিত ছিলেন ওই দুই শ্রমিক। কাজ করার একপর্যায়ে ভবনের পাশে থাকা উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইনের সঙ্গে একটি লোহার অ্যাঙ্গেলের সংস্পর্শ হলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী জানান, নির্মাণকাজের সময় একটি লোহার অ্যাঙ্গেল ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে এলে শ্রমিকরা বিদ্যুৎস্পৃষ্ট হন। উচ্চ ভোল্টেজের কারণে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
বান্দরবানের সিভিল সার্জন ডা. মো. শাহীন হোসাইন চৌধুরী বলেন, সদর হাসপাতালের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের প্রয়োজন রয়েছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের মরদেহ পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।