
মোঃশামীম হোসেন সিকদার
বান্দরবান জেলা প্রতিনিধি
বান্দরবানের থানচি উপজেলায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র ও গুলিসহ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ)-এর এক সদস্যকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। পরে তাকে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক ব্যক্তি জৌথান বম (৫৫)। তিনি থানচি সদর ইউনিয়নের পদ্ধা মৌজার শেরপা পাড়া এলাকার বাসিন্দা এবং লাল ফিয়ান বমের ছেলে।
শনিবার (৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৮ জুন নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ দল কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল)-এর একটি গোপন যৌথ আস্তানায় অভিযান পরিচালনা করে। এ সময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সদস্যরা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
এরপর আশপাশের এলাকায় নিরাপত্তা বাহিনীর তল্লাশি ও অভিযান অব্যাহত থাকে। অভিযানের একপর্যায়ে শেরপা পাড়া এলাকা থেকে একটি বন্দুক ও কয়েক রাউন্ড কার্তুজসহ জৌথান বমকে আটক করা হয়। শনিবার তাকে থানচি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কানন সরকার জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে সোপর্দ করা হয়েছে।